‘জামায়াত রুখতে মাঠে আছি, থাকব’
নিবন্ধন বাতিলের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর ৪৮ ঘণ্টার হরতাল প্রত্যাখ্যান করে রাজধানীতে মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে শাহবাগের প্রজন্ম চত্বর থেকে মিছিল শুরু হয়।
এরপর টিএসসি ঘুরে শাহবাগ হয়ে কাঁটাবন গিয়ে আবার আবার শাহবাগে ফিরে আসেন মঞ্চের কর্মীরা।
মিছিল শেষে ইমরান সাংবাদিকদের বলেন, “জামায়াত একটি অবৈধ সন্ত্রাসী সংগঠন। তাদের ডাকা হরতালও অবৈধ।
“তাদের ডাকা হরতালের সহিংস ঘটনাগুলোও প্রমাণ করে যে তারা একটি সংন্ত্রাসী সংগঠন। তাই তাদের এ কর্মসূচি প্রতিহত করতে গণজাগরণ মঞ্চ মাঠে আছে, থাকবে।”
জামায়াতের হরতালের দ্বিতীয় দিন বুধবারও বিক্ষোভ মিছিল করবে গণজাগরণ মঞ্চ।
ইমরান জানান, আগামী ১৫ অগাস্ট জাতীয় শোক দিবসের সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে জাগরণ মঞ্চ।
এরপর শাহবাগের প্রজন্ম চত্ত্বরে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে ‘উদিত সূর্য’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী হবে।
সন্ধ্যা ৭টা থেকে বঙ্গবন্ধুকে নিয়ে গান, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে বলে জানান ইমরান।
গত ১ অগাস্ট হাই কোর্ট এক রায়ে রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন বাতিল ঘোষণা করে। রায় প্রত্যাখ্যান করে ওইদিনেই ১২ ও ১৩ অগাস্ট হরতালের ডাক দেয় জামায়াত। পরে তা একদিন পিছিয়ে ১৩ ও ১৪ অগাস্ট নতুন তারিখ দেয়।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ফেব্রুয়ারি থেকে আন্দোলন চালিয়ে আসা গণজাগরণ মঞ্চ একাত্তরে যুদ্ধাপরাধের জন্য জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে।
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতের প্রতিটি হরতাল প্রতিরোধেই কর্মসূচি পালন করে আসছেন মঞ্চের কর্মীরা।
