২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে কয়েকহাজার পরিবার পানিবন্দি

বন্যায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় কয়েকহাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গত দুই দিনে তলিয়ে গেছে আউস ধানসহ পাঁচ হাজার ৩৪০ হেক্টর জমির ফসল। অব্যাহত নদীভাঙনে বেড়ে চলেছে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যাও।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 12:55 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, শিবগঞ্জ ও সদরের প্রায় হাজার হেক্টর আবাদি জমি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত দুই দিনে পানি বেড়ে যাওয়ায় বেশি ক্ষতিগ্রস্ত হয় আউস ধান ও সবজিক্ষেত।

শিবগঞ্জের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হল পাঁকা, উজিরপুর, ছত্রাজিতপুর, ঘোড়াপাখিয়া, দুর্লভপুর, মনাকষা ও শাহবাজপুর।

সদরের ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলো হল নারায়ণপুর, আলাতুলি, চর অনুপগঞ্জ, শাহজাহানপুর, দেবীনগর, ইসলামপুর, সুন্দরপুর, রানীহাটি এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মোহনপুর।

জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পদ্মা বিপদসীমার ৫৮ সেন্টিমিটার এবং মহানন্দা বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলার উপর দিয়ে বয়ে যাওয়া এই দুই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও এসব এলাকায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজার ২১৪টি পরিবার। ক্রমাগত বাড়ছে জনদুর্ভোগ।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবির আলম জানান, তার এলাকার তিন হাজার বিঘা আউস ধানসহ অন্যান্য ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৬৭টি পরিবার।

আলাতুলি ইউনিয়নের চেয়ারম্যান খোয়াজ আলী জানান, সেখানে ৭৪৭টি পরিবার নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তলিয়ে গেছে প্রায় ৮শ’ হেক্টর জমির ধানসহ অন্যান্য ফসল।

পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, প্রায় চার হাজার হেক্টর জমির ধানসহ অন্যন্য ফসল বন্যায় ডুবে গেছে এবং পানিবন্দি প্রায় তিন হাজার পরিবার।

সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা খায়রুল আনামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলছে।