২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিলের গ্রেপ্তারে যুক্তরাষ্ট্র-ইইউর উদ্বেগ

মানবাধিকার সংগঠন অধিকারের সেক্রেটারি আদিলুর রহমান খান শুভ্রকে গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 10:50 AM

Updated : 23 Aug 2022, 06:42 PM

আদিলের গ্রেপ্তার সুশীল সমাজের ওপর ‘নেতিবাচক’ প্রভাব ফেলবে মন্তব্য করে তার মুক্তির দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র।

আর ইউরোপীয় ইউনিয়ন আদিলের বিচারের প্রতিটি পর্যায়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে।

শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের কর্মীদের সরিয়ে দিতে গত ৫ মে রাতে আইনশৃঙ্খলা বাহিনী যে অভিযান চালায়,তাতে ৬১ জন নিহত হয় বলে এক প্রতিবেদনে প্রকাশ করে অধিকার। সরকারের পক্ষ থেকে অধিকারের কাছে ওই তথ্যের সপক্ষে প্রমাণ চাইলে তারা নিহতদের নামের তালিকা বা পরিচয় জানাতে অস্বীকার করে।

এই প্রেক্ষাপটে গত শনিবার রাতে ডানপন্থীদের সমর্থনপুষ্ট এই মানবাধিকার সংগঠনের সেক্রেটারি আদিলুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যারি হার্ফ বলেন,যুক্তরাষ্ট্র আদিলের গ্রেপ্তারে গভীরভাবে উদ্বিগ্ন এবং তাকে মুক্তি দেয়ার জন্য আহ্বান জানাচ্ছে। একই দিন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ ডেলিগেশনের এক বিবৃতিতে বলা হয়,ঢাকায় অবস্থিত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কূটনৈতিক মিশন আদিলের গ্রেপ্তার থেকে প্রতিটি পর্যায় অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তার যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানোর পাশাপাশি আদিলের বিচার প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করার অনুরোধ জানানো হয় বিবৃতিতে।

ঢাকায় অবস্থিত নরওয়ে ও সুইজারল্যান্ডের কূটনৈতিক মিশনও এই বিবৃতিতে সমর্থন দিয়েছে বলে ইউরোপীয় ইউনিয়ন জানায়।