টঙ্গী থেকে অপহৃত শিশু জয়দেবপুরে উদ্ধার
টঙ্গী থেকে অপহরণের চার দিন পর জয়দেবপুর থেকে ছয় বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র্যাব।
অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব-১ এর অধিনায়ক কিসমত হায়াৎ জানান।
তিনি জানান, গত ৮ জুলাই টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকা থেকে ‘কৌশলে’ মো. আসাদুজ্জামান নূর নামের ওই শিশুটিকে অপরহরণ করে দুবৃর্ত্তরা। এরপর শিশুটির বাবা এলেম মিয়ার কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।
এলেম মিয়া এ ঘটনায় টঙ্গী থানায় একটি মামলা করেন। তার অভিযোগের ভিত্তিতে রোববার গাজীপুর থেকে খোকন মিয়া (৩০), মো. শাহ জামাল হাসান (৩৫) ও মুকুল মিয়াকে (২৫) গ্রেপ্তার করে র্যাব।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরে জয়দেবপুরে অভিযান চালিয়ে আসাদকে উদ্ধার করা হয়।
কিসমত হায়াৎ বলেন, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
