বিদ্যুৎ বিপর্যয়ে ভোলা অন্ধকারে
জেনারেটরের সমস্যার কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় শনিবার রাত থেকে ভোলা অন্ধকারে রয়েছে।
এদিকে তেঁতুলিয়া নদীর তলদেশ দিয়ে ভোলা-পটুয়াখালী মেরিন ক্যাবল লাইনে ত্রুটি থাকায় জাতীয় গ্রিড থেকেও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানান।
ভোলা রেন্টাল পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপক হাফিজুর রহমান জানান, তাদের জেনারেটরের সমস্যা দেখা দেয়ায় শনিবার রাত ১০টা থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।
জেনারটরটি স্থাপন করেছে ভারতের অ্যালস্টোন কোম্পানি।
ফাইল ছবি
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. ভোলার (ওজোপডিকা) ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. আলী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোলা-পটুয়াখালী মেরিন ক্যাবল লাইনের ত্রুটি মুক্ত করার জন্য নদীতীরে ক্যাবল এসে পৌঁছেচে।
এ কাজ শেষে বৃহস্পতিবার নাগাদ জাতীয় গ্রিড থেকে বিদ্যুত পাওয়া যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, বিদ্যুৎ সমস্যার কারণে ভোলা পৌরসভাসহ ৫টি পৌর এলাকা ও হাসপাতালসমূহে পানি সরবরাহ বন্ধ রয়েছে।
সোমবার দুপুরে বিদ্যুতের দাবিতে গ্রাহকরা বিক্ষোভ সমাবেশ ও বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে।
