ট্রেনে ঢিলে তরুণীর মৃত্যুর ঘটনায় আটক ১
চট্টগ্রামের ভাটিয়ারিতে চলন্ত ট্রেনে ছোড়া ঢিলের আঘাতে এক তরুণীর মৃত্যুর ঘটনায় একজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার বেলা ১২টার দিকে ভাটিয়ারি ভাঙা সেতু এলাকা থেকে তাকে আটক করা হয় বলে রেলওয়ে থানার ওসি মো. শহীদুল্লাহ জানান।
আটক ব্যক্তির নাম রুবেল বলে জানিয়েছেন তিনি।
ওসি শহীদুল্লাহ বলেন, ঘটনার পর থেকে এলাকায় অভিযান শুরু হয়েছে। বেলা সোয়া ১২টার দিকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
শনিবার ভাটিয়ারি ভাঙা সেতু এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশিথা ট্রেনে ঢিল ছোড়ে দুর্বৃত্তরা। একটি ঢিল প্রীতি দাশ (২৪) নামের এক তরুণীর মাথায় লাগলে তিনি সংজ্ঞা হারান। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
