গাজীপুরে বাসচাপায় ঠিকাদার নিহত
গাজীপুর সদরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক ঠিকাদারের মৃত্যু হয়েছে।
সালনা এলাকায় সোমবার সকালে এ দুর্ঘটনায় নিহত চাঁন মিয়া (৪৫) ময়মনসিংহের ধোবাউড়ার কালিতাবাড়ি গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইকবাল হোসেন জানান, সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সালনা ব্রিজের দক্ষিণে কনকর্ড পোশাক কারখানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ পড়ে যান চাঁন মিয়া।
এ সময় ময়মনসিংহগামী দ্রুতগতির একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে লাশ উদ্ধার করে নাওজোর ফাঁড়িতে নেয়া হয় এবং আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি সালনা এলাকায় বাড়ি করে বসবাসসহ ঠিকাদারী ব্যবসা করতেন বলে পুলিশ কর্মকর্তা জানান।
