বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে দুই ভাই আহত
কুষ্টিয়ার মিরপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে দুই ভাই আহত হয়েছেন।
ভেড়ামারা-মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সিএ হালিম সাংবাদিকদের জানান, রোববার রাত ৯টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের কাশাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কাশবাড়িয়া গ্রামের ছহির উদ্দিনের দুই ছেলে হাসান (২৮) ও রতন (২২)। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে নিজেদের বাড়ির একটি ঘরে বোমা তৈরি করছিলেন হাসান ও রতন। এ সময় একটি বোমা বিস্ফোরিত হলে ক্ষত-বিক্ষত হন দুই ভাই।”
পুলিশের ধারণা, গ্রাম্য বিরোধে প্রতিপক্ষকে ঘায়েল করতে হাসান ও রতন বোমা তৈরি করছিলেন।
