২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ কে আজাদের সংবর্ধনার গাড়িবহরে পুলিশের লাঠিপেটা

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদের সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার পথে ফরিদপুর শহরে গাড়িবহরে লাঠি চালিয়েছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2013, 08:20 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

বিনা উস্কানিতে লাঠিপেটা করা হয়েছে বলে অনুষ্ঠানের আয়োজকরা দাবি করেছে।

পুলিশ বলছে, যানজট এড়াতে গাড়িবহরকে সড়কের এক পাশ ব্যবহারের পরামর্শ দেয়ায় পুলিশের ওপর হামলা হলে ‘বাধ্য’ হয়ে লাঠি চালাতে হয়।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ সমর্থক ব্যবসায়ী নেতা হিসেবে পরিচিত আজাদ অনুষ্ঠানে বলেন, “আমি কোনো ভোটপ্রার্থী বা কারো প্রতিদ্বন্দ্বী নই। তবু কেন এ পুলিশি হামলা? আমি ফরিদপুরবাসীর কাছে এর বিচার চাই।”

শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রোববার হা-মীম গ্রুপের কর্ণধার আজাদকে সংবর্ধনা  দেয় তার এলাকা ফরিদপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের সমম্বিত ফোরাম অম্বিকাপুর-নর্থ চ্যানেল-ডিক্রিরচর (এএনডি-ইউ)।

সকাল ১১টায় মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে আজাদ শহরের টেপাখোলা উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনাস্থলে যাচ্ছিলেন।

ফরিদপুর পৌরসভার সামনে পুলিশ সেই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ওপর লাঠি চালায় বলে অভিযোগ করেন আয়োজকরা।

তাদের অভিযোগ, এ সময় পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে। ফেরার পথেও পুলিশি বাধার শিকার হন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়া অনেকে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান সাংবাদিকদের বলেন, গাড়িবহরের লোকজন পুরো রাস্তা জুড়ে যাচ্ছিল। এতে শহরের প্রধান রাস্তা মুজিব সড়কে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়।

“পুলিশ মোটর শোভাযাত্রা সড়কের এক পাশ দিয়ে করতে অনুরোধ করে। তারা ক্ষেপে গিয়ে পুলিশের ওপর চড়াও হলে বাধ্য হয়ে লাঠিপেটা করা হয়।”

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে আজাদ সদর আসনের সাংসদ প্রবাসী কল্যাণমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেনকে উদ্দেশ্য করে বলেন, “আপনি অনেক শক্তিশালী। আপনি ফের নির্বাচিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হন, ফরিদপুরে আরো শক্তিশালী পুলিশ সুপার আনেন।”

অনুষ্ঠানে বিএনপির সাবেক সাংসদ ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানানোর বিষয়টি জানিয়ে তিনি বলেন, “কামাল ভাই শুভ কামনা জানিয়ে আমাকে ফুল পাঠিয়েছেন। সেজন্য আমার ভাইজান পুলিশ দিয়ে মেরে কর্মীদের রক্ত ঝরিয়েছেন।”

সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়া যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক হোসেন বলেন, “পুলিশের অতি উৎসাহের কারণেই এ ঘটনা ঘটেছে।”

এলাকার প্রবীণ ব্যক্তি এ বি এস আহমেদ আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর চেম্বারের সভাপতি আওলাদ হোসেন বাবর, ফরিদপুর মিনিবাস মালিক গ্রুপের সভাপতি এস এম শাহ আলম মুকুল, ফরিদপুর চেম্বারের সাবেক সভাপতি মাহবুবুর রহমান খানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান।

আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলেরই বেশ কয়েকজন নেতা আজাদের গাড়িবহরে হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।

এরমধ্যে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি কামাল ইবনে ইউসুফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শামসুল হক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কোতয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমিতাভ বোস , জেলা ঘাতক-দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।