বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার বেলা ৩টার দিকে উপজেলার ফুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শাজাহানপুর থানার ওসি মাহমুদুল আলম জানান।
তিনি জানান, রংপুর থেকে ঢাকাগামী এসআর ট্রাভেলসের বাসটি ফুলতলায় পৌঁছানোর পর একটি বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ট্রাকে থাকা এক শিশু ও এক নারীসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো দুজন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. অক্ষয় কুমার জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
