কর্ণফুলীতে তলিয়ে গেল যুবক
চট্টগ্রামে ভাটার সময় কর্ণফুলী নদীতে নেমে তলিয়ে গেছে এক যুবক। দমকলবাহিনীর সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় লাশ উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালি থানার এসআই সঞ্জয় কুমার সিংহ জানিয়েছেন, শনিবার বিকালে ব্রিজঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাবু মুৎসুদ্দি (২০) রাউজান উপজেলার পাহাড়তলীর মহামুনি এলাকার আশুতোষ মুৎসুদ্দির ছেলে।
এসআই সঞ্জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দিন দুই বন্ধু সহ ব্রিজঘাটা এলাকায় যান বাবু। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি একাই নদীতে নামেন। এ সময় ভাটার টান শুরু হলে নদীতে তলিয়ে যান তিনি।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা নদী থেকে তার লাশ উদ্ধার করে।
পাথরঘাটা কাজিম আলী সড়কের স্থায়ী বাসিন্দা বাবু এবছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
