২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের দিনও সচল আদালত

ঈদের দিনেও ঢাকার মুখ্য মহানগর হাকিম আর মুখ্য বিচারিক হাকিমের আদালত ছিল জনমুখর আর কর্মচঞ্চল।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2013, 10:25 PM

Updated : 23 Aug 2022, 06:41 PM

অন্যদিনের মতো না উপচেপড়া ভিড় ঢাকার আদালত পাড়ায় শুক্রবার না থাকলেও ছিল আসামি, বিচারপ্রার্থীদের পদচারণা।

যাদের গত ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়, আইন বাধ্যবধকতার কারণে এই ছুটির দিনেও তাদের আদালতে আনতে হয়েছে।

ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আগের ঈদের দিনগুলোতে দুজন করে বিচারক বসলেও এবার বসেন একজন বিচারক।

অনান্য সরকারি ছুটি বা সাপ্তাহিক দুই দিনের বন্ধে জরুরিভিত্তিতে দুজন করে বিচারক বসলেও এবার তার ব্যতিক্রম দেখা গেছে।

মহানগর হাকিম অমিত কুমার দে ঈদের দিনের সব মামলার শুনানি গ্রহণ করেন।

ঢাকা মহানগরীর ৪৯টি থানার মধ্যে গেণ্ডারিয়া, তেজগাঁও ও কাফরুল থানার কোনো মামলার আসামিকে এ ঈদে কোর্ট হাজতে নিয়ে আসা হয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দুপুরে জানান কোর্ট হাজতে দায়িত্বরত উপ-পরিদর্শক মুরাদ হোসেন।

কোর্ট হাজতের নিবন্ধন খাতায় দেখা যায়, এদিন ধর্তব্য (কগনিজেবল অফেন্স) মামলায় ৬৮ আর অধর্তব্য মামলায় আসামি আনা হয়েছে ৩৩ জনকে।

তবে গোয়েন্দা পুলিশ আরো দুই মামলায় কয়েকজন আসামিকে নিয়ে আসে।

মোহাম্মদপুরের জহুরি মহল্লার গৃহকর্মী নারগিস(১০) হত্যা মামলায় গ্রেপ্তার গৃহবধূ সাবরিনা আক্তারের জামিন এদিন মেলেনি। তাকে নেয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের পুলিশ হেফাজতে (রিমান্ড)।

সাবরিনার জন্য ঈদের সেমাই ও বিরানি নিয়ে এসেছিলেন তার স্বজন। পুলিশের সঙ্গে অনেক বচসা করে সাবরিনাকে খাবার দেয়া হয়।

বিমান বন্দর থানা থেকে ১১ জনকে আনা হয় পাসপোর্ট আইনের মামলায়। তারা সবাই  জামিন পেয়েছেন।

ধর্তব্য মামলা অর্থাৎ দণ্ডবিধির মামলায় ৩৬ জনকে কারাগারে, ১৬ জনকে পুলিশ হেফাজতে (রিমান্ড), ১৬ জনকে জামিন দেয়া হয়েছে বলে মামলার নথিপত্র সূত্রে জানা যায়।

আর অধর্তব্য মামলা অর্থাৎ ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ (ডিএমপি অ্যাক্ট) এর মামলায় ৩৩ জন জরিমানা দিয়ে মুক্তি পেয়েছেন।