২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাদের খোঁজ কেউ করেনি

পঙ্গু হাসপাতালের দ্বিতীয় তলার ৪৯ নম্বর শয্যায় শুয়ে রেবেকা বেগম। রানা প্লাজা ধসে দুই পা হারানো এই নারী জানালেন, এই ঈদে সরকারি কিংবা বেসরকারি কেউই খোঁজ নেয়নি।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2013, 06:36 PM

Updated : 13 Oct 2022, 02:55 PM

সাড়ে তিন মাস আগে সাভারে ধসে পড়া ওই ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়ার পর থেকে রেবেকার মতো আরো আট শ্রমিক এখনো রয়েছেন পঙ্গু হাসপাতালে।  

শুক্রবার ঈদুল ফিতরের দিন শারীরিক কষ্টের সঙ্গে খোঁজ নিতে কারো না আসা বেদনাও জাগিয়েছে তাদের অধিকাংশের মনে। 

তবে সেই অভিমান নিজের মধ্যেই চেপে রাখতে চান দিনাজপুরের মেয়ে ২০ বছর বয়সী রেবেকা।

রানা প্লাজা ধসে আহত শ্রমিকদের কৃত্রিম পা লাগানোর জন্য ইতোমধ্যে আন্তর্জাতিক মহলের সহযোগিতার প্রতিশ্রুতি মিলেছে। রেবেকাও আশায় আছেন তার।

“আগের মতো চলাফেরা করতে না পারি, কিছু পুঁজি পেলে ছোট কোনো ব্যবসা শুরু করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারব,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

ঈদে রেবেকাকে তার স্বামী নতুন শাড়ি দিয়েছেন, সেই শাড়ি পরে হাঁটতে না পারলেও পেয়েছেন যে এতেই খুশি এই পোশাক শ্রমিক।

রেবেকার উল্টো দিকের শয্যায়ই শুয়ে আছেন ২০ বছরের শিরিন, তবে ঈদে স্বামীর দেখা পাননি তিনি।

নিজ পছন্দে খুলনার এই তরুণী তিন বছর আগে বিয়ে করেন মিজানুল ইসলাম নামে এক যুবককে। এ নিয়ে পরিবারের সঙ্গে এক সময় দূরত্বও তৈরি হয় শিরিনের।

তবে গত এপ্রিলে রানা প্লাজা ধসের কয়েকদিন পর থেকে স্ত্রীর খোঁজ নিতে আর আসেন না মিজান।

হাসপাতালে শিরিনের সঙ্গে থাকা ভাই মো. এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দূর্ঘটনার পর প্রথম কয়েক দিন দুলাভাই এসেছিল। আপাকে বিভিন্ন মানুষ চিকিৎসার জন্য যে টাকা দিতেন সেগুলো নিতে। এখন তার আর কোনো পাত্তা নেই।”

ভাইয়ের কথা শোনার সময় শিরিনের চোখ ছলছল করছিল, তবে মুখে কিছুই বলেননি তিনি।

কিডনি ক্ষতিগ্রস্ত হয়েছে শিরিনের, আর হাত আর পায়েও রয়েছে অনেকগুলো সেলাইয়ের দাগ।

রানা প্লাজা ধসে বাম পায়ে গুরুতর আঘাত পাওয়া আরেক নারী শ্রমিক মরিয়ম (৩৫)।

তার স্বামী আবদুস সালাম বলেন, “আমার বউ কখনো বসে ঘরে থাকতে চাইত না। কিন্তু এখন তার পা কাজ করে না, এটা ভাবলেই খুব কষ্ট লাগে।”

তিনি বলেন, সরকার আহত শ্রমিকদের যে ক্ষতিপূরণ দিয়েছে, তা একবারেই কম। তাছাড়া হাসপাতালে রোগীদের যে খাবার দেয়া হচ্ছে, তারা সেগুলো খেতে পারছেন না।

ওষুধসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন প্রচুর টাকা খরচ হচ্ছে বলে জানান সালাম।

পঙ্গু হাসপাতালে ভর্তি রানা প্লাজার নয় শ্রমিকের মধ্যে দুজন পুরুষ।

পুরুষ ওয়ার্ডে তৃতীয় সারিতে শুয়ে ছিলেন আশরাফুল ইসলাম সুজন (৩৫)। ভবন ধসে তার ডান পা আর দুই হাত অনেকটা থেতলে গিয়েছিল। তবে এখন অনেকটাই সেরে উঠেছেন।

“বেতন পেলে আগে পরিবারের সবাইকে নতুন কাপড় কিনে দিতাম। একসঙ্গে মিষ্টি-পায়েস খেতাম। কিন্তু এবার কাউকে কিছুই দিতে পারিনি,” আক্ষেপ সুজনের।

তিনি জানান, ঈদে হাসপাতালের পরিচিত একজন তাকে পাঞ্জাবি আর লুঙ্গি কিনে দিয়েছেন।

“ঈদে সরকার বা বিজিএমইএ এর পক্ষ থেকে কেউ আমাদের খোঁজ করেনি। সবাই আমাদের ভুলে যাচ্ছে,” অভিমানী সুর সুজনের।

সাভারে বিজিএমইএ নেতারা

পঙ্গু হাসপাতালে কেউ খোঁজ না নিলেও সাভারে পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) এবং এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত শ্রমিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিজিএমইএ নেতারা।

বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলামের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল দুপুরে প্রথমে সিআরপি যায়। ৯৬ জন শ্রমিককে নতুন জামা-কাপড় এবং নগদ ৫ হাজার করে দেন তারা।

আতিকুল ইসলাম বলেন,  ভবন ধসে আহত শ্রমিকদের পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিজিএমইএর পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

সিআরপি থেকে বিজিএমইএ প্রতিনিধি দল যায় এনাম মেডিকেলে, সেখানে আহত, নিখোঁজ ও নিহতদের স্বজনদের জন্য আয়োজন করা হয় ঈদ অনুষ্ঠান।

জাসদ নেত্রী শিরীন আখতার, সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি এ টেইলর, এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক রৌশনারা ছিলেন এই উৎসবে।

ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের মধ্যে নগদ টাকা, জামা-কাপড় ও খাবার বিতরণ শেষে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় সেখানে।

শহীদ মিনারে প্রতীকী অনশন

পুনর্বাসনের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঈদের দিন দুপুরে প্রতীকী অনশন করেছে রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাএদর পরিবারের সদস্যরা।

দুই ঘণ্টার এই কর্মসূচিতে বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সংহতি জানান।

কর্মসূচিতে বক্তব্যে বাংলাদেশ গার্মেন্ট শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন হতাহত শ্রমিকদের ‘যথাযথ’ ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়ে বলেন, “তা না হলে আগামী ২৩ অগাস্ট সাভারের অধরচন্দ্র বিদ্যালয় থেকে রানা প্লাজা পর্যন্ত অবরোধ করা হবে।”

ক্ষতিগ্রস্ত এসব ব্যক্তিরা ঈদের আগে ‘যথাযথ’ ক্ষতিপূরণ দেয়ার দাবিতে গত তিনদিন ধরে সাভার বাস স্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল।

রানা প্লাজা ধসের পরে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ বাবদ দেশ-বিদেশ থেকে যে পরিমাণ অনুদান এসেছে, তার হিসাব দাবি করেন অনশনে সংহতি জানানো রাজনৈতিক নেতারা।

সিপিবির উপদেষ্টা পরিষদের সদস্য মনজুরুল আহসান খান বলেন, “ব্যবসায়ীরা সব ক্ষেত্রেই ব্যবসা করে। মুনাফা ছাড়া তারা কিছু বোঝে না। তাদের মানবতা বলে কিছু নেই। রানা প্লাজা ধস নিয়ে এখন ব্যবসা হচ্ছে। সরকারও এই ব্যবসার সঙ্গে যোগ দিয়েছে।”

Image
Victims and the family members who died in Rana Plaza building Collapse protest in front of Shaheed Minar on Eid day. Photo: nayan kumar/ bdnews24.com

Victims and the family members who died in Rana Plaza building Collapse protest in front of Shaheed Minar on Eid day. Photo: nayan kumar/ bdnews24.com

“রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার জন্য কত টাকা সংগ্রহ করা হয়েছে, কত টাকা বিতরণ করা হয়েছে, তার কিছুই স্পষ্ট নয়।”

অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যা দেয়া হচ্ছে, তা ক্ষতিপূরণ নয়। এটা প্রাথমিক সহায়তা বলা যেতে পারে। ক্ষতিপূরণের বিষয়ে শ্রম আইনে স্পষ্ট ব্যাখ্যা রয়েছে, সে অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে।”

এই ঘটনায় একেকজন শ্রমিকের জন্য কমপক্ষে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ হওয়া উচিত বলে অর্থনীতির এই অধ্যাপক মনে করেন।

রানা প্লাজা ও ওই ভবনে অবস্থিত কারখানার মালিকদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিকদের মধ্যে বিতরণের দাবিও জানান তিনি।

বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “রানা প্লাজা ধসের কারণে ক্ষতিগ্রস্তদের নিয়ে ছিনিমিনি খেললে তার ফল কারোর জন্যই ভালো হবে। সরকার, ব্যবসায়ী সবাইকে এর খেসারত দিতে হবে।”

প্রতীকী অনশনে অংশ নেয়া আহত শ্রমিক তাসলিমা, নিখোঁজ শ্রমিক রাশেদার বাবা ইয়াকুব মোল্লা, আরেক নিখোঁজ শ্রমিক আবু জাফর সেন্টুর মা আলেয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা কোনো ধরনের ক্ষতিপূরণ পাননি।

বাংলাদেশের ইতিহাসে ভয়াবহতম এই ভবন ধসে মারা যান ১১শ’র বেশি শ্রমিক, আহত হন বহু।

(এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন শেখ আবদুল্লাহ)