শোলাকিয়ায় লাখো মুসল্লির নামাজ আদায়
লাখ লাখ মুসুল্লির অংশগ্রহণ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মধ্যদিয়ে এবারও দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে।
সকাল ১০টায় শুরু হওয়া এবারের জামাতে তিন লক্ষাধিক মুসুল্লি একসঙ্গে নামাজ আদায় করেন বলে জানিয়েছেন ঈদগাহ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান।
১৮২৮ সালে শুরুর পর থেকে এবার ১৮৬তম ঈদ জামাত অনুষ্ঠিত হয় শোলাকিয়া ময়দানে।
জামাত পরিচালনা করেন মাঠের ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।
নামাজ শেষে বাংলাদেশসহ মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পেশাজীবি নেতৃবৃন্দসহ সকলস্তরের সাধারণ মানুষ জামাতে অংশগ্রহণ করেন।
দেশের সর্ববৃহৎ এ জামাতে অংশগ্রহণ করতে সকাল থেকেই মুসুল্লিদের ঢল নামে জেলা শহরের পূর্ব প্রান্তের নরসুন্দা নদীর তীরে অবস্থিত শোলাকিয়া ঈদগাহ ময়দানে।
এ সময় কয়েক ঘণ্টার জন্য আশপাশের সকল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিপুল সংখ্যক মুসুল্লির দৃষ্টি আকর্ষনের জন্য নামাজ শুরুর ৫ মিনিট আগে ৩টি, ৩ মিনিট আগে ২টি ও ১ মিনিট আগে ১টি শটগানের গুলি ফোটানো হয়।
দূর-দূরান্ত থেকে মুসুল্লিদের আসার সুবিধার্থে ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল।
একটি ট্রেন সকাল পৌনে ছয়টায় ময়মনসিংহ থেকে এবং অপর ট্রেনটি সকাল ৬টায় ভৈরব থেকে কিশোরগঞ্জ শোলাকিয়া মাঠের উদ্দেশ্যে ছেড়ে আসে। এসব ট্রেনে ছিল উপচে পড়া ভীড়।
নামাজ শেষে ট্রেন দুটি পুনরায় দুপুর ১২টায় গন্তব্যে ছেড়ে যায় বলে জানিয়েছেন কিশোরগঞ্জের স্টেশন মাস্টার জয়ন্ত মজুমদার।
পুলিশ, অার্মড পুলিশ, র্যাবের সমন্বয়ে মাঠ ঘিরে গড়ে তোলা হয়েছিল চার স্তরের নিরাপত্তা বেষ্টনি।
ময়দানের ২৮টি প্রবেশ পথে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হয় আগত মুসুল্লিদের। নাশকতা মোকাবেলায় ওয়াচ টাওয়ার এবং ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা প্রতিটি মূহুর্ত পর্যবেক্ষণ করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন খান।
মসনদ-ই-আলা ঈশা খাঁর ষষ্ঠ বংশধর দেওয়ান হয়বত খান বাহাদুর কিশোরগঞ্জের জমিদারী প্রতিষ্ঠার পর ইংরেজি ১৮২৮ সালে কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে প্রায় ৭ একর জমির উপর এ ঈদগাহ প্রতিষ্ঠা করেন।
প্রথম জামাতে সোয়া লাখ মুসুল্লি অংশগ্রহণ করেন বলে মাঠের নাম হয় ‘সোয়া লাখি মাঠ’। পরে বিবর্তনে এর নাম দাঁড়ায় ‘শোলাকিয়া মাঠ’।
বিশাল এই মাঠে কাতার রয়েছে ২৬৫টি। প্রতি কাতারে ৫ শতাধিক মুসুল্লি নামাজ আদায় করতে পারেন। এখন মুসুল্লির সংখ্যা আড়াই থেকে তিন লাখ ছাড়িয়ে যায় বলে ঈদগাহ কমিটি ধারণা করেন।
জামাতে অংশ নেয়ার জন্য ঈদের ২/৩ দিন আগ থেকেই দেশ-বিদেশের মুসুল্লিরা শহরে আসতে শুরু করেন।
১৯৯৯ সনের ২২ মে মাঠ সম্প্রসারণ ও উন্নয়নের জন্য তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী জিল্লুর রহমান তৎকালীন ডেপুটি স্পিকার আব্দুল হামিদ ও তৎকালীন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যৌথভাবে ঈদগাহ মাঠে ভিত্তিপ্রস্তরর স্থাপন করেন।
