বিষাক্ত মদপানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিষাক্ত মদ পান করে স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
এরা হলেন- শিবগঞ্জের কলেজ এলাকার পরিচ্ছন্নতা কর্মী সুধীর (৫৫) ও তার স্ত্রী চানতারা (৪৫) এবং বাগানটুলি মহল্লার মোশাররফ হোসেন মুসা (৪৫), মাস্টার পাড়ার দ্বীন মোহাম্মদ (৫০) এবং পৌর এলাকার লাকি মোড়ের দুখু দাস।
শিবগঞ্জ থানার উপপরিদর্শ শহীদুল ইসলাম জানান, বুধবার গভীর রাতে শিবগঞ্জ কলেজ সংলগ্ন পরিচ্ছন্ন কর্মীদের বস্তিতে মদ পান করে অসুস্থ হয়ে পড়েন সুধীর ও চাঁনতারা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চাঁনতারার মৃত্যু হয়।
এরপর সুধীরকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এদিকে একই রাতে মদ পানে অসুস্থ হয়ে পড়েন বাগানটুলির মুসা, মাস্টার পাড়ার দীন মোহাম্মদ ও লাকি মোড়ের দুখু।
শিবগঞ্জ থানার এস আই নজরুল ইসলাম জানান, মুসা ও দীন মোহাম্মদ তাদের বাড়িতেই মারা যান। আর দুখুর মৃত্যু হয় বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে।
এছাড়া বিষাক্ত মদ পানে শফিকুল ইসলাম মিন্টু নামের আরেকজনের মৃত্যুর খবর শোনা গেলেও পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
