সীতাকুণ্ডে অবরোধের জের দুপুর পর্যন্ত
সীতাকুণ্ডে বুধবার রাতে শিবিরের সড়ক অবরোধের পর বৃহস্পতিবারও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলে ধীরগতিতে।
এতে ঈদে চট্টগ্রামমুখী হাজার হাজার বাসযাত্রীকে দুপুর পর্যন্ত ভোগান্তি পোহাতে হয়।
এদিকে বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা বাস নির্ধারিত সময়ে চট্টগ্রাম না পৌঁছানোয় চট্টগ্রাম থেকে ফেনী, কুমিল্লা ও নোয়াখালীগামী যাত্রীরাও দুর্ভোগের শিকার হন।
বুধবার সন্ধ্যায় সংগঠনের এক কর্মী কয়েকজন যুবকের পিটুনিতে নিহত হলে রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে সংগঠনটির কর্মীরা।
এ সময় শিবির কর্মীরা ১০-১২টি গাড়ি ভাংচুর করে এবং কয়েকটি যানবাহনে আগুন দেয়।
পরে বিজিবি মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। মহাসড়কের যান চলাচল শুরু হয় রাত সোয়া ১২টার পর। কিন্তু ততোক্ষণে সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
বুধবার রাত সাড়ে ১২টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে সকাল ১০টায় চট্টগ্রামে পৌঁছান সুমন চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সীতাকুণ্ড বাইপাস থেকে বার আউলিয়া পর্যন্ত অংশে যানবাহনের দীর্ঘ সারি। থেমে থেমে গাড়ি চলেছে খুব ধীর গতিতে। ওই অংশ পার হতেই প্রায় তিন ঘণ্টা সময় লেগে গেছে।”
স্থানীয় সাংবাদিকরা জানান, বৃহস্পতিবার সকালে মহাসড়কের বাড়বকুণ্ড এলাকায় গাড়ির চাপ ছিল সবচেয়ে বেশি। তবে দুপুরের পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে।
এদিকে নগরীর অলঙ্কার মোড়ে সকাল থেকেই অপেক্ষমাণ যাত্রীদের ভিড় দেখা যায়। ওই মোড় থেকে ফেনী, কুমিল্লা ও নোয়াখালীসহ বিভিন্ন গন্তব্যের বাস ছেড়ে যায়।
কিন্তু বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা বাস নির্ধারিত সময়ে চট্টগ্রাম না পৌঁছানোয় সকালের অংশ যাত্রীদের এই ভোগান্তি পোহাতে হয় বলে কাউন্টারের কর্মীরা জানান।
কুমিল্লাগামী যাত্রী আজহারুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টায় তার বাস ছাড়ার কথা ছিল। কিন্তু বাস এসে আবার ছাড়তে ছাড়তে দুই ঘণ্টা লেগে যায়।
সীতাকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার ইকবাল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘মহাসড়কে চট্টগ্রামমুখী যানবাহনের ভিড় বেশি। রাতের অবরোধের কারণে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়েছিল। এ কারণে সকালে গতি কিছুটা ধীর ছিল।”
