২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্থর মহাসড়কে বাড়ি ফেরায় ভোগান্তি

ঘরমুখী মানুষের চাপ, ছোটখাট দুর্ঘটনা আর ট্রাফিক অব্যবস্থাপনায় ঈদের ছুটির প্রথম দিন ঢাকা থেকে উত্তর ও দক্ষিণমুখী দুই মাহসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর ও মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2013, 10:51 AM

Updated : 13 Oct 2022, 02:55 PM

ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের কারণে লাখ লাখ যাত্রীকে দীর্ঘ সময় গাড়িতে বসে থাকতে হয় গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায়। সকালের দিকে যানজট সৃষ্টি হয় ঢাকা-মাওয়া সড়কেও। তবে দুপুরের পর চাপ কিছুটা কমে এলে সবগুলো সড়কেই পরিস্থিতির উন্নতি হয়।

বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদ উদযাপন করবে সারা দেশের মানুষ। বৃহস্পতিবার ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় বুধবার থেকেই রাজধানীর সড়কগুলোতে দেখা যায় বাস ও লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনমুখী মানুষের স্রোত।

গাজীপুর থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি আবুল হোসেন জানান, চন্দ্রা-ত্রিমোড় এলাকায় সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়।

চন্দ্রায় দায়িত্বপালনরত কোনাবাড়ি (সালনা) মহাসড়ক থানার সার্জেন্ট মো. সাজ্জাদ খান জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের দিকে একটি ট্রাক বিকল হলে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। ট্রাকটি সরানো হলেও ততোক্ষনে দীর্ঘ জট তৈরি হয়ে যায়।

তিনি জানান, চন্দ্রা থেকে সাভারের ইপিজেড পর্যন্ত এবং চন্দ্রা  থেকে গাজীপুর সদরের কোনাবাড়ির দিকে প্রায় ৭ কিলোমিটার এলাকায় দুপুর পর্যন্ত দীর্ঘ যানজট চলে। চন্দ্রা এলাকায় একজন এসপি, দুইজন এডিশনাল এসপি, তিনজন এএসপি,  আটজন এসআই, আটজন এএসআই এবং ৩০ জন কনস্টেবল সারাদিন যান চলাচল নির্বিঘ্ন রাখার চেষ্টা চালিয়ে যান।

কোনাবাড়িতে কর্মরত সালনা মহাসড়ক থানার ওসি মো. আলমগীর সিদ্দিক জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে কোনাবাড়ি, মৌচাক ও চন্দ্রাসহ কয়েকটি স্থানে রাস্তা খারাপ হয়ে গেছে। এর মধ্যে গাড়ির চাপ বেশি থাকায় গাড়ি চলে ধীর গতিতে।

গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়, চান্দনা-চৌরাস্তা ও টঙ্গীর ষ্টেশন রোড এলাকায়ও থেমে থেমে যানজটের সৃষ্টি হয় বলে নাওজোর মহাসড়ক ফাঁড়ির এসআই ইকবাল হোসেন জানান।

তিনি বলেন, স্থানীয় পোশাক কারখানাগুলোয় ঈদের ছুটি হওয়ায় বৃহস্পতিবার সকালে রাস্তায় ঘরমুখো মানুষের ভিড় বেড়ে যায়। ভোগড়া বাইপাস মোড় ও চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবস্থা খারাপ হওয়ায় গাড়ির স্বাভাবিক গতিও ব্যহত হয়।

স্বামী-সন্তানসহ গ্রামের বাড়ি নওগাঁ যাওয়ার জন্য চন্দ্রা-মোড় এলাকায় সকাল ৬টা থেকে বসে ছিলেন কালিয়াকৈর সফিপুর এলাকার এপেক্স পোশাক কারখানার শ্রমিক সাবিনা ইয়াসমিন। জটের কারণে তাদের গাড়ি রওনা হয় সকাল ১০টার পর।

ঢাকা থেকে রাজশাহীগামী হানিফ পরিবহনের সুপারভাইজার মো. শফিক বলেন, “যানজটের কারণে আমরা শিডিউল ঠিক রাখতে কষ্ট হচ্ছে।”

ভোগড়া এলাকার স্টার লাইট স্যুয়েটারের শ্রমিক আলমগীর হোসেন জানান, যানবাহন সংকটের কথা ভেবে বাড়ি যাওয়ার জন্য তারা বিভিন্ন কারখানার অর্ধশকাধিক শ্রমিক আগে থেকেই বাস রিজার্ভ করে রেখেছিলেন। কিন্তু তারপরও চন্দ্রা এলাকায় গিয়ে তাদের যানজটের  ভোগান্তিতে পড়তে হয়েছে।

গাজীপুর জেলার পুলিশ সুপার আব্দুল বাতেন দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যানজট নিরসনে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে এবার ঈদের ছুটি কম থাকায় সবাই প্রায় একই সময়ে বাড়ি ফিরছে বলে যানবাহনে চাপ পড়েছে। হাজার হাজার গাড়ি রাস্তায় নামায় যানজট সৃষ্টি হয়েছে।”

রংপুরের পীরগঞ্জে যাওয়ার জন্য গোলাম রাব্বানী বুধবার রাত সাড়ে ১০ টায় মহাখালী থেকে টিআর ট্রাভেলসে রওয়ানা হন। তার গাড়ি সিরাজগঞ্জ পার হয় বেলা দেড়টায়।

“সাধারণত ৫-৬ ঘণ্টা লাগে রংপুর পৌঁছতে। আর এবার ঢাকা ছাড়তেই ১২ ঘণ্টা চলে গেছে।”

বুধবার রাত ১টায় মহাখালী থেকে ময়মনসিংহগামী সৌখিন এক্সপ্রেসে চড়েন ইকরাম উদ দৌলা। সাড়ে চার ঘণ্টার পথ পাড়ি দিতে গিয়ে ১২ ঘণ্টা তাকে পার  করতে হয় বাসে।

এদিকে আমাদের মুন্সীগঞ্জ প্রতিনিধি ফারহানা মির্জা জানান, রাজধানীর সঙ্গে দক্ষিণ জনপদের যোগযোগ রক্ষাকারী মাওয়া ঘাটের পরিস্থিতি বুধবার পর্যন্ত স্বাভাবিক থাকলেও ভোর থেকে দেখা দেয় তীব্র যানজট। এই অবস্থা চলে দুপুর পর্যন্ত।

বিআইডব্লিউটিসি মাওয়া অফিসের সহকারী মহা ব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান বিডিনিউজহ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যানবাহনের চাপ বেড়ে যাওযায় পার করে কুলোনো যাচ্ছিল না। ফলে শ্রীনগরের দোগাড়ি পর্যন্ত দীর্ঘ যানজট লেগে যায়।”

ঘাটের কর্মকর্তারা জানান, মাওয়া থেকে কাওড়াকান্দি যাওয়ার পথে বুধবার রাত ১২টার দিকে ডুবোচরে আটকে পড়া রো রো ফেরি বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ৮ ঘন্টা পর বৃহস্পতিবার সকাল ৮টায় উদ্ধার করা হয়।

বিআইডব্লিউটিসির কর্মকর্তা আশিকুজ্জামান বলেন, বর্তমানে যাত্রীদের নদী পারাপারে ১৬টি ফেরি চলাচল করছে। বেলা ১১টা থেকে আরও নতুন দুটি ফেরি যুক্ত হবে। 

এদিকে ধলেশ্বরী-১ সেতুর টোল আদায়ে অব্যবস্থাপনার কারণে সকালের দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে অন্তত তিনশ যানবাহন আটকা পড়ে। নৌপরিবহন মন্ত্রীর পিআরও মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘ সময় তাকে টোল প্লাজায় যানজটে আটকে থাকতে হয়।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তুলনামূলক টোল আদায়কারীর সংখ্যা কম হওয়ায় দুপুর পর্যন্ত কিছুটা সমস্যা হয়। তবে পুলিশের চেষ্টায় দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে।