সেতু ভেঙে শরীয়তপুর-মাদারীপুর চলাচল ব্যাহত
ঈদের ব্যস্ত সময়ে শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক মহাসড়কের একটি সেতু ভেঙে চলাচল ব্যাহত হচ্ছে।
সেতুটি মেরামতের কাজ দ্রুততার সঙ্গে চলছে জানিয়ে সাময়িকভাবে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।
খোয়াজপুর বেইলি ব্রিজটি বুধবার সকালে ভেঙে যায় বলে যোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এই পথে চলাচলকারী ভারী যানবাহনকে (বাস, ট্রাক, লরী ইত্যাদি) শরীয়তপুর-কাজীরহাট-কাঁঠালবাড়ি-শিবচর-পাঁচ্চর সড়ক এবং হালকা যানবাহনকে (প্রাইভেট কার, মাইক্রোবাস, জিপ, থ্রি হুইলার ইত্যাদি) আঙ্গুরিয়া-চন্দ্রপুর-মৃধাবাড়ি বাইপাস সড়ক ব্যবহার করতে বলেছে মন্ত্রণালয়।
