২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবি

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে দেশের শিক্ষাবোর্ডগুলোর মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অবতীর্ণরা ফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 08:05 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান ও মানববন্ধন থেকে এ দাবি জানিয়েছে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। পরে দুপুরেও চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে মানববন্ধন করে তারা।

মানবন্ধনে অংশ নেয়া নগরীর বিভিন্ন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অবতীর্ণরা আশানুরূপ ফলাফল না পেয়ে তা পুনর্মূল্যায়নের দাবি করেন।

প্রায় একশ শিক্ষার্থীর এই মানববন্ধনে অংশ নেয়া রাহুল রুদ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছরের তুলনায় এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ১১ দশমিক ৯ শতাংশ কম।

ফলাফল কীভাবে এতো খারাপ হলো তা অনুসন্ধান করে দেখার দাবি জানান তিনি।

রুদ্র এবছর নগরীর ওমর গণি এমইএস কলেজের বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

একই কলেজের আরেক শিক্ষার্থী ইয়াসিন আরাফাত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সব খাতা পুনর্মূল্যায়নের দাবি জানালেন।

তিনি বলেন, পর্যাপ্তসংখ্যক প্রশিক্ষিত শিক্ষক ছাড়া সৃজনশীল পদ্ধতি চালু করায় ফলাফলে প্রভাব পড়েছে।”

সরকারি সিটি কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী অনিক নাথ বলেন, অন্য শিক্ষা বোর্ডের তুলনায়ও এবার চট্টগ্রামে পাশের হার অস্বাভাবিক কম।

হাজেরা তজু ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী আকাশ বড়ুয়া বিজ্ঞান বিভাগ থেকে এ-গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফলাফল খারাপ হওয়ার দায় কার? কেউ কেউ বলছেন রাজনৈতিক পরিস্থিতি দায়ী। এর জন্য শিক্ষার্থীরা কেন দুর্ভোগে পড়বে?

তার প্রশ্ন, সৃজনশীল পদ্ধতির জন্য ফল খারাপ হলে তার দায় শিক্ষার্থীরা নেবে কেন?

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা ‘ফল বিপর্যয় মানি না, মানব না’ স্লোগান দিতে থাকে।

ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে বুধবার সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও চট্টগ্রামের জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়া হবেও পরীক্ষার্থীরা জানান।