জামায়াত নেতা পরওয়ার জেলগেইটে ফের আটক
জামিনে মুক্তির পর কারা ফটক থেকে আবারো আটক হয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে মুক্তির পরপরই তাকে খুলনা কেন্দ্রীয় কারাগারের বাইরে থেকে আটক করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
খুলনা পুলিশের সহকারী কমিশনার (ডিবি) কে এম মোশাররফ হোসেন জানান, এই জামায়াত নেতা তাদের হেফাজতে রয়েছেন।
রাজধানীর মতিঝিলে পুলিশের ওপর হামলার অভিযোগে এক মামলায় গত ১২ নভেম্বর ঢাকার গুলশান থেকে জামায়াতের সাবেক এ সাংসদকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি খুলনা জেলা কারাগারে ছিলেন।
যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে জামায়াত নেতা-কর্মীরা গত ৫ নভেম্বর মতিঝিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সেদিন সংঘর্ষস্থল থেকে ৩২ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
সংঘর্ষের ঘটনায় ওই ৩২ জনসহ ৬৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরো চারশ জনকে আসামি করে চারটি মামলা করে পুলিশ। ওই মামলায় পরওয়ারকেও গ্রেপ্তার করা হয়।
