২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত প্রাঙ্গণে আসামিকে পুলিশের মারধর

বরিশালে জামিন নিতে আসা এক আসামিকে আদালত এলাকা থেকে গ্রেপ্তার করে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2013, 12:33 AM

Updated : 23 Aug 2022, 06:40 PM

সোমবার বরিশালের বিচারিক আদালত এলাকায় বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম জিরাইনের শামসুল হককে গ্রেপ্তার করে পেটানো হয় বলে তার আইনজীবী মাসুদুল হক জানিয়েছেন ।

ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শীয়ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’র কাছে একই অভিযোগ করেছেন।

তবে হত্যা মামলার এই আসামিকে আদালত এলাকার বাহিরে নগরীর কাকলীর মোড় থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন বাকেরগঞ্জ থানার এএসআই শাহাবুদ্দিন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো বলেও জানান তিনি। 

প্রত্যক্ষদর্শী বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বেঞ্চ সহকারী মো. নূরুল ইসলাম কাকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শামসুল একটি হত্যা চেষ্টা মামলার বাদী হিসেবে হাজিরা দিতে এবং অন্য একটি হত্যা মামলার আসামি হিসেবে আত্মসমর্পণ করতে আদালতে এসেছিলেন।

জামিন আবেদনের পর তিনি বিচারকের নির্দেশের জন্য এজলাসের বাইরে আদালত চত্বরে অপেক্ষা করছিলেন।

“এসময় বাকেরগঞ্জ শার্শী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শাহাবুদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ আসামিকে গ্রেপ্তার করে সেখানেই পেটাতে থাকে।”

এ ঘটনায় আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে আদালতে বিষয়টির ব্যাখ্যা দিতে বলেছেন বিচারক মো. আশরাফ উদ্দিন।

শামসুল হকের আইনজীবী মাসুদুল হক জানান, ২০১১ সালে ১১ নভেম্বর বাকেরগঞ্জে জিরাইন এলাকায় দুই পক্ষের সংঘর্ষে মান্নান হাওলাদার নামে এক ব্যক্তি নিহত হয়।

এ ঘটনায় ১৫ নভেম্বর শামসুল হকসহ ১৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন মান্নানের বড় ভাই জালাল হাওলাদার।

একই ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে অপর একটি মামলা দায়ের করেন শামসুল হকের মা জলফুন বিবি।