কলাপাড়ায় সমুদ্র বন্দর হচ্ছে
সাগরকূলের পটুয়াখালী জেলার কলাপাড়ায় একটি সমুদ্র বন্দর হচ্ছে।
এর নাম হচ্ছে পায়রা, এই নামে একটি নদী বয়ে গেছে বরগুনা-পটুয়াখালীর ওপর দিয়ে।
পায়রা সমুদ্র বন্দর নির্মাণ কর্তৃপক্ষ আইনে সোমবার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ অনুমোদনের মধ্য দিয়ে দেশের দক্ষিণ-মধ্যাঞ্চলের রাবনাবাদ চ্যানেলে দেশের তৃতীয় সমুদ্র বন্দর স্থাপনের একটি প্রাথমিক ভিত্তি স্থাপিত হল।
মন্ত্রিসভার সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. ইফতেখার হায়দার সাংবাদিকদের বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বে (পিপিপি) এ সমুদ্র বন্দর নির্মাণ করা হবে।
নৌ পরিবহন মন্ত্রণালয় সমুদ্র বন্দর নির্মাণের কাজ স্বল্প পরিসরে শুরু করার প্রস্তাব দিয়েছে।
অতিরিক্ত সচিব বলেন, প্রকল্প বাস্তবায়নের আগে সম্ভাব্যতা যাচাইয়ে আরো পরীক্ষা-নিরীক্ষা হবে।
