২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাকার হদিস এখনো ‘পাচ্ছেন না’ গ্রামীণ চেয়ারম্যান

গ্রামীণফোনের মুনাফার অংশ হিসেবে গ্রামীণ টেলিকমে আসা হাজার কোটি টাকার হদিস এখনো ‘পাননি’ গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান মোজাম্মেল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 06:35 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের ৩৪ শতাংশ শেয়ারের মালিক গ্রামীণ টেলিকম, যে প্রতিষ্ঠানটি গ্রামীণ ব্যাংক পরিবারের সদস্য।

গ্রামীণফোন থেকে আসা মুনাফার অংশের হদিস পাচ্ছেন না বলে আট মাস আগেও বলেছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান। সোমবার অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার পর এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে একই কথা বলেন তিনি।

মোজাম্মেল হক বলেন, “গ্রামীণফোনের মুনাফার অংশ হিসেবে যে অর্থ গ্রামীণ ব্যাংকের সদস্যদের কল্যাণে ব্যয় হওয়ার কথা ছিল, সে অর্থ কোথায় গেল?”

এই অর্থের পরিমাণ কত- জানতে চাইলে তিনি বলেন, “আমার ধারণা, ১০ হাজার কোটি টাকার কম হবে না।”

এর আগে গত ২৩ জানুয়ারি গ্রামীণ ব্যাংক চেয়ারম্যান সাংবাদিকদের বলেছিলেন, অর্থের পরিমাণ ৩০ হাজার কোটি টাকা।

তিনি জানান, গ্রামীণফোনের প্রথম ছয় বছর মুনাফার ৩৫ শতাংশ এবং পরবর্তীতে মুনাফার ৬৫ শতাংশ গ্রামীণ টেলিকমকে দেয়ার কথা।

মোজাম্মেল হক আগে বলেছিলেন, “শোনা কথা, গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ টেলিকম ট্রাস্ট নামে একটি আলাদা প্রতিষ্ঠান করা হয়েছে। ওই টাকা সেখানেই আছে। গ্রামীণ টেলিকম ও গ্রামীণ টেলিকম ট্রাস্ট দুটো প্রতিষ্ঠানেরই চেয়ারম্যান মুহাম্মদ ইউনূস।”

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে ইউনূসকে অপসারণের পর নোবেলজয়ী বাংলাদেশির সঙ্গে সরকারের সম্পর্কের অবনতি ঘটে।

এনিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা হয়। যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ সরকারের সিদ্ধান্তে উষ্মা প্রকাশ করে।

Image
গ্রামীণ ব্যাংক ভবন

গ্রামীণ ব্যাংক ভবন

গ্রামীণ ব্যাংকের ১০ শতাংশ শেয়ারের মালিক সরকার। বাকি ৯০ শতাংশ শেয়ার এর ঋণগ্রহীতাদের।

গ্রামীণ ব্যাংক চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ওই অর্থের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এত সহজে এটা বলা যাবে না,”

এরপর চলে যেতে যেতে তিনি বলেন, “ইউনূস সাহেব বলছেন, গ্রামীণফোনের সঙ্গে গ্রামীণ ব্যাংকের সম্পর্ক নেই। আর আমরা বলছি আছে। এটা নিয়েই ঝগড়া।”

২০১১ সালে কেন্দ্রীয় ব্যাংক ইউনূসকে অব্যাহতি দিলে আইনি লড়াইয়ে নামেন তিনি। তাতে হেরে গিয়ে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে তিনি পদত্যাগ করেন।

এরপর নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিতে সরকারের পক্ষ থেকে একটি সাব-কমিটি করা হয়। তবে আদালতে সাব-কমিটির বিরুদ্ধে মামলা হওয়ায় তার কার্যক্রম থেমে যায়।

এদিকে গ্রামীণ ব্যাংক ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সুপারিশ প্রণয়নের জন্য সরকার একটি কমিশন গঠন করলেও তার পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো জমা হয়নি।

ঈদের আগে এটি জমা হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

পুরনো খবর:

‘মানুষ জাগলে সরকার গ্রামীণ ভাঙতে পারবে না’
‘গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে প্রতিহিংসা নেই’
‘গ্রামীণ ব্যাংকের ৩০ হাজার কোটি টাকার হদিস নেই’