২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বাংলাদেশিকে ফেরত দিল মিয়ানমার

পতাকা বৈঠকের মাধ্যমে চার বাংলাদেশিকে ফেরত দিল মিয়ানমার।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 05:48 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

সোমবার মিয়ানমারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের মধ্যে এ বৈঠক হয়।

বৈঠক শেষে বিজিবি-৪২ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুবেদার মো. জাকারিয়া জানান, দুপুর ১২টায় ১নং পয়েন্ট অব এন্ট্রি অ্যান্ড এক্সিট এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

“বৈঠকের মাধ্যমে বিভিন্ন মেয়াদে মিয়ানমারের কারাগারে সাজা ভোগ করা ২ জন এবং ভুল করে নাফ নদীর মোহনা দিয়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশকারী ২ জনসহ চার বাংলাদেশিকে ফেরত আনা হয়।”

এরা হলেন- কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা এলাকার বেলায়েত আলীর ছেলে জামাল হোসেন, একই এলাকার আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ ইসমাইল, টেকনাফের শাহপরীর দ্বীপের আবুল কালামের ছেলে নূর আফসার ও টেকনাফ পৌরসভার কুলাল পাড়ার আবুল হাসিমের ছেলে জুবায়ের হোসেন।

এদেরকে পরিবার ও কর্তৃপক্ষের কাছে দেয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।