২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরেছে পাহাড়িরা, অবরোধে বিচ্ছিন্ন খাগড়াছড়ি

সহিংসতার মুখে ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে সীমান্তে আশ্রয় নেয়া খাগড়াছড়ির মাটিরাঙ্গার পাহাড়িরা নিজ বাড়িতে ফিরে এসেছেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 12:41 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

এ ঘটনার তদন্ত ও বিচার দাবিতে ইউপিডিএফের ডাকা অবরোধে সারা দেশ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে খাগড়াছড়ি।   

খাগড়াছড়ির জেলা প্রশাসক মাসুদ করিম জানান, রোববার গভীর রাত পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর ৫৮৭টি পরিবারের সবাই নিজেদের বাড়িতে ঘরে ফিরে এসেছেন।

রোববার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারসহ প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা গ্রামবাসীদের পূর্ণ নিরাপত্তা, ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসন ও দোষীদের শাস্তির আশ্বাস দিলে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে ফিরতে শুরু করেন তারা।

এদিকে পাহাড়িদের বসতিতে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে পাহাড়িদের সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সোমবার সকাল থেকে সড়ক অবরোধ করে। এতে জেলার দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো খাগড়াছড়ির বাসিন্দারা।

সকাল ১০টার দিকে খাগড়াছড়ি জেলা পরিষদের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ইউপিডিএফ কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

জেলা প্রশাসক মাসুদ করিম বলেন, এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে।

ইউপিডিএফের মিডিয়া সেলের প্রধান নিরণ চাকমা বলেন, তাইন্দং ঘটনায় ক্ষতিগ্রস্ত পাহাড়িদের নিরাপত্তা, ঘটনার সুষ্ঠু তদন্ত ও পুনর্বাসনের দাবিতে তাদের অবরোধ চলছে।

গত শনিবার তাইন্দংয়ে আবুল কালাম নামে এক মোটরসাইকেল আরোহী অপহরণের পর সীমান্তবর্তী তিন পাহাড়ি গ্রামে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করে স্থানীয় বাঙ্গালিরা। ভয়ে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয় আতঙ্কিত শতাধিক পরিবার।

বগাপাড়া গ্রামের বাসিন্দা বকুল কান্তি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তাদের আশ্বাসে তারা সবাই বাড়ি ফিরেছেন।

তিনি জানান, বান্দরসিংহ ও ভগবানটিলা গ্রামের ৮৬, বগাপাড়া গ্রামের ১৩৫, সর্বস্ব পাড়া গ্রামের ৬৫, মনুদাশ পাড়া গ্রামের ৫৫, তঙ্কমহাজন পাড়া গ্রামের ৬২, তালুকদার পাড়া গ্রামের ৪৫ এবং ত্রিপুরা হেডম্যান পাড়া গ্রামের ১৩০ পরিবারের সবাই বাড়ি ফিরে এসেছেন।