২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজিৎ হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য

বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছেন বাহাদুর শাহ পার্কের (ভিক্টোরিয়া পার্ক) ঝাড়ুদার মো. স্বপন হাওলাদার।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2013, 09:32 PM

Updated : 23 Aug 2022, 06:39 PM

রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন তিনি।

তার জবানবন্দি নিয়ে বিচারক এ বি এম নিজামুল হক আগামী ১২ অগাস্ট পর্যন্ত আলোচিত এই মামলার সাক্ষ্যগ্রহণ মুলতবি করেন।

এর আগে গত ৩১ জুলাই রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী পার্কের পাশের পেট্রোল পাম্পের কর্মী মো. বাবর (বাবু) সাক্ষ্যে হত্যাকাণ্ড দেখার কথা অস্বীকার করেন, যদিও তদন্ত কর্মকর্তার কাছে প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বর্ণনা দিয়েছিলেন তিনি।

গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধের মধ্যে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় দরজি দোকানি বিশ্বজিৎকে। ওই হত্যামামলার আসামিদের সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মী। 

স্বপন সাক্ষ্যে বলেন, সকাল সাড়ে ৮ টায় তিনি যখন ময়লা পরিষ্কারের কাজ করছিলেন তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি মিছিল রায়সাহেব বাজারের দিকে যাচ্ছিল।

“তখন একটি বোমা ফাটে। মিছিল থেকে ১০/১২ জন যুবক বিশ্বজিৎ নামের নিহত ওই ছেলেটিকে ধাওয়া করে পার্কের বাঁ দিকের ক্লিনিকের দোতলায় তোলে। কিছুক্ষণ পর রক্তাক্ত অবস্থায় বিশ্বজিৎকে দেখি দৌড়ে শাখারীবাজারের দিকে যাচ্ছে।”

সেদিন দুপুরে বিশ্বজিতের মৃত্যুর খবর পান স্বপন। টেলিভিশনের খবরে দেখেন, বিশ্বজিতকে মারার দৃশ্য।

আসামি পক্ষের আইনজীবীদের জেরায় স্বপন বলেন, তিনি আসামিদের নাম জানেন না। তারা কোন দল করেন, তাও জানেন না।

সাক্ষ্যগ্রহণের সময় এই মামলায় গ্রেপ্তার আট আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়।

এর আগে এই মামলায় সাক্ষ্য দেন বাদি সূত্রাপুর থানার উপ-পরিদর্শক  মো. জালাল উদ্দিন, লক্ষ্মীবাজার অতিথি টেইলার্সের কর্মচারী সুমন খান, বাহাদুর শাহ পার্কের (ভিক্টোরিয়া পার্ক) উত্তর পাশের পেট্রোল পাম্পের কর্মচারী মো. সালেক, অতিথি টেইলার্সেংর কাটিং মাস্টার আব্দুল জব্বার।

বিশ্বজিৎ হত্যামামলায় গত ৫ মার্চ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করে গত ২৬ মে সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে বিচার শুরু হয়।

মামলাটি এর আগে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে ছিল। সেখানেই গত ২৬ মে ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।

দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাচ্ছে- একথা জানিয়ে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের কারণে মামলার সাক্ষ্যগ্রহণ বার বার পিছিয়ে যায়।

পরে মামলা বদলির বিষয়ে গত ৩০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার গেজেট বিজ্ঞপ্তি হাতে আসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে।

দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচারকাজ ১৩৫ কার্যদিবসের মধ্যে শেষ করার বিধান রয়েছে।

পুরনো খবর:

বিশ্বজিৎ হত্যামামলায় সাক্ষ্যগ্রহণ শুরু
বিশ্বজিৎ হত্যামামলায় সাক্ষী বৈরী