২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বজিৎ হত্যামামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডের আলোচিত মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2013, 12:44 PM

Updated : 23 Aug 2022, 11:10 AM

হত্যাকাণ্ডের চার মাসের মধ্যে অভিযোগপত্র দেয়া হলেও অভিযোগ গঠনে লাগে ছয় মাস। দুই মাস আগে বিচার শুরুর আদেশের পর এই মামলায় রোববার প্রথম সাক্ষ্য নেয়া হল।

ঢাকার ৪ নম্বর দ্রুতবিচার টাইব্যুনালে প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন মামলার বাদী সূত্রাপুর থানার উপ-পরিদর্শক মো. জালাল উদ্দিন।

সাক্ষ্য দেয়ার পর বাদীকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর ওই আদালতের ভারপ্রাপ্ত বিচারক দেওয়ান মো. সফিউল্লাহ আগামী ২১ জুলাই পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেন।

সাক্ষ্যগ্রহণের সময় বিশ্বজিতের পরিবারের কেউ আদালতে ছিলেন না। ২১ আসামির মধ্যে গ্রেপ্তার ১৩ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচির মধ্যে বাহাদুর শাহ পার্কের সামনে পিটিয়ে হত্যা করা হয় দরজি দোকানি বিশ্বজিৎকে।

ওই সময় ব্যাপক আলোচিত এই ঘটনার মামলায় গত ৫ মার্চ যে ২১ জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দেয়, তারা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মী।

পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ করে গত ২৬ মে ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার শুরুর আদেশ দেয় আদালত।

জবানবন্দিতে পুলিশ কর্মকর্তা জালাল বলেন, সেদিন সকালে তিনি পুরান ঢাকার ধোলাইখালের মদিনা মার্কেটের সামনে অবস্থানের সময় শুনতে পান যে ছাত্রলীগের কর্মীরা একজনকে কুপিয়ে মারাত্মক আহত করেছে। তাকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়েছে। পরে তিনি বিশ্বজিতের মৃত্যুর খবর পান।

মামলার তদন্ত কর্মকর্তাকে সহায়তা করার সময় পুরো ঘটনাটি জানেন বলে বাদী জানান।

এই মামলায় মোট ৬০ জনকে সাক্ষী করা হয়েছে।

মামলাটি এর আগে ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে ছিল। সেখানেই গত ২৬ মে ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।

দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাচ্ছে- একথা জানিয়ে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের কারণে মামলার সাক্ষ্যগ্রহণ বার বার পিছিয়ে যায়।

এর আগে তিনটি ধার্য তারিখে মামলার আসামি এবং বাদী আদালতে হাজির থাকলেও সাক্ষ্য না নিয়ে দায়রা জজ জহুরুল হক ১৪ জুলাই তারিখ নির্ধারণ করেছিলেন।

পরে মামলা বদলির বিষয়ে গত ৩০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার গেজেট বিজ্ঞপ্তি হাতে আসে। তবে তখন দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ কোনো বিচারক ছিলেন না। পরে ভারপ্রাপ্ত বিচারক হয়ে আসেন দেওয়ান মো. সফিউল্লাহ।

দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচারকাজ ১৩৫ কার্যদিবসের মধ্যে শেষ করার বিধান রয়েছে। এ সময়ের মধ্যে বিচার শেষ না করা গেলে আরো কয়েকটি মেয়াদে সময় বাড়ানোর কথা আইনে উল্লেখ রয়েছে।

এই মামলায় গ্রেপ্তার আট আসামি হলেন- রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক,  রাশেদুজ্জামান শাওন,  এইচ এম কিবরিয়া, সাইফুল ইসলাম, গোলাম মোস্তফাও কাইয়ুম মিয়া টিপু।

আসামিদের মধ্যে রাজন তালুকদার, ইউনুস আলী, ওবায়দুর কাদের তাহসিন, আজিজুর রহমান, আলাউদ্দিন, ইমরান হোসেন, মীর নূরে আলম লিমন, আল-আমিন, রফিক, কামরুল, তমাল, পাভেল ও মোশাররফ পলাতক।

পুরনো খবর:

বিশ্বজিৎ হত্যামামলা দ্রুতবিচারে
বিশ্বজিত হত্যা: ২১ আসামির বিচার শুরুর আদেশ