বেনাপোল থেকে কোটি টাকার পণ্য নিয়ে ট্রাকচালক উধাও
বেনাপোল বন্দর থেকে কোটি টাকা মূল্যের পোশাক বোঝাই ট্রাকসহ চালক উধাও হওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার রাতে বেনাপোল বন্দর থানায় ওই ট্রাকের চালক ইব্রাহিমের নামে একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল বন্দর থানা পুলিশের এসআই হাবিবুর রহমান হাবিব।
মামলার বাদি সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ‘আকবর এন্টারপ্রাইজের’ প্রতিনিধি সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত সোমবার ভারত থেকে আমদানি করা পোশাকের একটি চালান বেনাপোল বন্দরের গুদাম থেকে খালাস হয়। পরে একটি ট্রাকবোঝাই করে পণ্যগুলো আমদানিকারকের ঢাকার ঠিকানায় পাঠানো হয়।
তিনি বলেন, “ট্রাকটি বুধবার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও শনিবার রাত পর্যন্ত তা পৌঁছেনি এবং ট্রাকের কোনো হদিসও পাওয়া যায়নি। চালকের মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।”
