আমতলীতে ইটভাটা মালিক খুন
বরগুনার আমতলী উপজেলায় এক ইটভাটার মালিক খুন হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার নাচনাপাড়া গ্রামে জেএসএম ইট ভাটার মালিক আবদুস ছালাম মুন্সী (৩০) খুন হন।
এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের চাচাত ভাই জসিম মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের ভাই মতলেব মুন্সী জানান, সন্ধ্যায় ছালাম ঘর থেকে খাবার খেয়ে বের হয়। এরপর তাকে আর পাওয়া যাচ্ছিল না।
“অনেক খোঁজাখুজির পরে রাত ১১টার দিকে নিজের ইট ভাটার পাশের রাস্তায় তার লাশ পাওয়া যায়।”
আমতলী থানার ওসি শামসুল হক জানান, নিহতের শরীরে এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে দৃর্বৃত্তরা।
এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে।
