২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ডাকাতদের হামলায় ২ পুলিশ আহত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ডাকাতদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2013, 01:25 PM

Updated : 25 Apr 2022, 07:04 PM

আহত নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান ও কনস্টেবল সিরাজুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতে আফতাবগঞ্জ-মধ্যপাড়া সড়কের নলসিয়া ব্রীজের কাছে একদল ডাকাত তাদের ওপর হামলা করে বলে জানিয়েছেন নবাবগঞ্জ থানার ওসি মোমিনুল হক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টার দিকে ওই জায়গায় টহলরত মিজানুর ও সিরাজুলের ওপর হঠাৎ আক্রমণ করে ডাকাতরা। তারা দুজনকে পিটিয়ে মিজানুরের পিস্তল ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় ।

পরে সড়কের পাশের পাশে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বাধা অবস্থায় পিস্তলটি পাওয়া গেলেও মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করতে পারেনি বলে জানান ওসি মোমিনুল।

এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতেই সন্দেহভাজন দুব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।