না.গঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক নিহত
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. সবুজ মিয়া (১৭) নামে এক হোসিয়ারি শ্রমিক মারা গেছেন।
শুক্রবার সকালে ফতুল্লার রঘুনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সবুজ রঘুনাথপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার মোহাম্মদ আলীর হোসিয়ারিতে কাজ করতেন।
নিহতের মা সাফিয়া খাতুন সাংবাদিকদের জানান, সবুজ নাইট ডিউটি শেষে ঈদের বেতন এবং বোনাস নিয়ে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর এলাকায় ছিনতাইকারী হিরীসহ কয়েকজন তার গতিরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
বাধা দিলে ছিনতাইকারীরা সবুজকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার ওসি আক্তার হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
