‘দল নিষিদ্ধকে বিএনপি সমর্থন করে না’
জোট শরিক জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে দেয়া হাই কোর্টের রায় নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও রাজনৈতিক দল নিষিদ্ধ করাকে সমর্থন করে না বলে জানিয়েছে বিরোধী দল বিএনপি।
শুক্রবার দুপুরে এক প্রতিবাদ সমাবেশে দলের এই অবস্থানের কথা জানিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ হাইকোর্টের রায় নিয়ে আমি কোনো কথা বলব না। এটি একটি সাবজুডিস বিষয়।’’
একইসঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার একদলীয় নির্বাচন করতে বিরোধী দলকে ‘নিশ্চিহ্ন করার’ চেষ্টা শুরু করেছে। কোনো উপায় না দেখে তারা রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে।
“আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করাকে সমর্থন করে না। রাজনীতিকে রাজনৈতিক প্রক্রিয়ায় মোকাবিলা করা উচিৎ বলে আমরা মনে করি।’’
একটি রিটের রায়ে হাই কোর্ট বৃহস্পতিবার রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে।
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী এই দলটিকে একাত্তরের ভূমিকার কারণে নিষিদ্ধ ঘোষণার দাবি জোরালো হয়ে ওঠার মধ্যেই এই রায় আসে।
এই রায়ের ফলে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে, কেননা আইন অনুযায়ী, কেবল নিবন্ধিত দলই বাংলাদেশে নির্বাচনে অংশ নিতে পারে।
রায়ের প্রতিক্রিয়ায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, হাই কোর্টের এই রায় জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়াকে ‘শক্ত আইনি ভিত্তি’ দেবে।
এবিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে ১৮ দলীয় জোটের প্রধান শরিক বিএনপি বৃহস্পতিবার কোনো কথা বলেননি। তবে একদিন পর দলের মুখপাত্র পরোক্ষ প্রতিক্রিয়ায় নিজেদের মতামত জানালেন।
মির্জা ফখরুল বলেন, ‘‘ সরকার বিএনপিকে বাইরে রেখে একদলীয়ভাবে নির্বাচন করতে চায়। অতীতে তারা একদলীয় শাসন বাকশাল প্রতিষ্ঠা করে দেশ পরিচালনা করেছে।
“এবার তারা একদিকে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার কাজ করছে। অন্যদিকে রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসনের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছানোর কাজও শুরু করেছে।’’
সরকারের আজ্ঞাবহ হয়ে নির্বাচন কমিশন নিজেদের ক্ষমতা নিজেরাই খর্ব করার নানা ষড়যন্ত্র করছে বলেও তিনি অভিযোগ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘‘ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ইতোমধ্যে বলে দিয়েছেন- নির্বাচনকালীন সময়ে নির্দলীয় সরকার থাকতে হবে। অন্যথায় এদেশে কোনো নির্বাচন হবে না। জনগণ দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে নেবে না।’’
সরকার দুর্নীতিতে ‘ আকণ্ঠ’ নিমজ্জিত মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতাসীনরা হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। কানাডা, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে তারা বাড়ি-ঘর কিনছে।’’
রাজধানীর লালবাগে ৫৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি।
এতে লালবাগ, হাজারীবাগ ও কামরাঙ্গীর চরের কয়েক হাজার নেতা-কর্মী কালো কাপড়ের ব্যানার হাতে অংশ নেন। তারা হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করেন।
জসিম হত্যার জন্য সরকারকে দায়ী করে ফখরুল বলেন, ‘‘ এখনো হত্যাকাণ্ডের কেনো কূলকিনারা খুঁজে পাচ্ছে না পুলিশ। বিরোধী দলকে স্তব্ধ করতে নীলনকশার অংশ হিসেবে এই হত্যাকাণ্ড সরকারের নির্দেশেই হয়েছে বলে আমরা মনে করি।’’
গত সোমবার রাতে লালবাগের গোরা শহীদ মাজারের কাছে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন জসিম।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘‘ আমাদের নেতা ইলিয়াস আলী ও চৗধুরী আলমসহ কমপক্ষে এক‘শ নেতাকর্মীকে গুম করে ফেলা হয়েছে। এভাবে তারা একের পর এক বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা করে চলেছে।”
আন্দোলনে অংশগ্রহণ ঠেকাতেই সাবেক সাংসদ নাসিরউদ্দিন পিন্টুসহ বিরোধী দলের ‘হাজার হাজার’ নেতাকর্মীকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সরকারের সাড়ে চার বছরের অপশাসন ও ব্যর্থতার চিত্র তুলে ধরে তিনি বলেন, সরকার ভেবেছে, সন্ত্রাস,হত্যা, গুম ও নির্যাতন চালিয়ে এবং ভয় দেখিয়ে বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করে দেবে। কিন্তু এতে কোনো কাজ হবে না। ঈদের পর নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন শুরু হবেই।
অবিলম্বে জসিমউদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তার, সাবেক সাংসদ পিন্টুসহ সব রাজবন্দির মুক্তি এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় সহ-সভাপতি সাদেক হোসেন খোকার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুব দলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম আজাদ ও পিন্টুর স্ত্রী নাসিমা আখতার কল্পনা বক্তব্য দেন।
