পূর্বাচলের দুই মৌজায় কাজ বন্ধের নির্দেশ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়কাউ ও পারাবর্তা মৌজা এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্পের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
সাতটি বেসরকারি সংগঠনের দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এ আদেশ দেয়।
আদেশে পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র (পরিবেশগত) না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় প্রকল্পের ভূমি উন্নয়ন বা অন্য ধরনের কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
একইসঙ্গে ওই দুটি মৌজায় পূর্বাচলের নতুন প্রকল্পের লে-আউট কেন অবৈধ, জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তার কারণ জানতে চাওয়া হয়েছে রুলে।
পাশাপাশি ওই দুইটি মৌজার বন, কৃষি জমি, জলাধার ও প্রতিবেশ রক্ষায় কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।
গৃহায়ন ও গণপূর্ত সচিব, ভূমি সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তর, রাজউকসহ ১০ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), আইন ও সালিশ কেন্দ্র, এএলআরডি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, পরিবেশ বাঁচাও আন্দোলন, আইএডি এবং নিজেরা করি যৌথভাবে গত বুধবার এই রিট আবেদন দায়ের করে।
এতে বলা হয়, সংশ্লিস্ট এলাকায় পুর্বাচলের এ প্রকল্পে পরিবেশগত ছাড়পত্র নেয়া হয়নি। এমনকি মাটি ভরাট ও কাঠামোগত পরিবর্তনের জন্য কোনো পূর্বানুমতি নেয়া হয়নি। অথচ এ এলাকার ১৬শ একর জমি ২০১০ সাল থেকে ভরাট করছে রাজউক।
বেলার আইনজীবী ইকবাল কবির লিটন সাংবাদিকদের বলেন, ওই এলাকার ৪৬ভাগ ভূমিই বন ও জলাভূমি।
