ঈদে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা শিথিলের দাবি
ঈদে মহাসড়কে মালবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানিয়েছে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন-বিকেএমইএ।
ওই সময়ে রপ্তানি পণ্যবাহী যান চলাচলের অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটির নেতারা।
যানজট কমানোর জন্য ঈদের আগে চারদিন এবং পরে তিনদিন মহাসড়কে কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।
যোগাযোগ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান বলেন, ওই সময় পণ্য পরিবহন বন্ধ থাকলে নির্দিষ্ট সময়ে শিপমেন্ট করা যাবে না।
“এতে মালিকদেরকে অতিরিক্ত টাকা ব্যয় করে বিমানে করে মাল পাঠাতে হবে।”
এই সিদ্ধান্ত থেকে সরে এসে রপ্তানিমুখী পণ্যবাহী কাভার্ডভ্যান ও লরি চলাচল স্বাভাবিক রাখার দাবি জানান তিনি।
