‘রাষ্ট্রপতিকে চিফ স্কাউট মনোনয়ন কেন অবৈধ নয়’
বাংলাদেশের চিফ স্কাউট হিসাবে রাষ্ট্রপতিকে মনোনীত না করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন এই রুল দেয়।
একইসঙ্গে স্কাউটের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পদে সরকারি কর্মকর্তাদেরকে না রাখতে কেন নির্দেশ দেয়া হবে না এবং খরচ নির্বাহের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায় না করতে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছে আদালত।
স্কাউট কাউন্সিলের নির্বাচন স্কাউটদের নিয়েই করতে বিধি-বিধান প্রণয়নের নির্দেশ কেন দেয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়।
আইন সচিব, গণপূর্ত সচিব, শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ স্কাউটসের প্রেসিডেন্ট ও নির্বাহী পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারী নুরুল ইসলাম সুজন শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
রংপুরের আইনজীবী ও বাংলাদেশ স্কাউটসের একই জেলার জেলা কমিশনার খন্দকার মো. রফিক হাছনাইন ও সাপ্তাহিক শারদীয় পত্রিকার সম্পাদক এসএম নুরুল্লাহ মাসুম এই রিট আবেদন করেন।
এশিয়া-প্যাসিফিক এভারগ্রিন স্কাউটসের জীবন সদস্য মাসুম বাংলাদেশ স্কাউটসের মাসিক ম্যাগাজিন অগ্রদূতের সহযোগী সম্পাদক ছিলেন।
রফিক হাসনাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংবিধানের ৪৮(২) ধারা অনুসারে রাষ্ট্রপতি শুধু প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। আর তিনি আইনের দ্বারা নির্ধারিত কোনো কাজ করতে পারেন।
“বাংলাদেশ স্কাউটসের গঠনতন্ত্র সংশোধন করে ১৯৮৭ সালে রাষ্ট্রপতিকে চিফ স্কাউটস করা হয়। তখন রাষ্ট্রপতি শাসন ছিল। তাই রাষ্ট্রপতি যা ইচ্ছা করতে পারতেন। কোনো বেসরকারি সংগঠনের নিজস্ব গঠণতন্ত্র দিয়ে রাষ্ট্রপতির রুলস অব বিজনেস নির্ধারণ করা যায় না।”
তিনি আরো বলেন, কোনো সরকারি কর্মকর্তা পদাধিকার বলে স্কাউটের কোনো দায়িত্ব পালন করতে পারেন না। এটা একটা এনজিও। এতে রাষ্ট্রের সার্ভেন্ট হিসাবে তিনি যেতে পারেন না।
শিক্ষার্থীদের কাছ থেকে স্কাউটসের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের অর্খ নেয়া বন্ধ করতে এই রিট আবেদন করা হয়।
