২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের বিষয়ে শফীর বক্তব্য জানতে চান মতিয়া

সমকামিতা নিয়ে দুই বছর আগে মুহম্মদ ইউনূসের দেয়া বিবৃতির বিষয়ে হেফাজতে ইসলামীর আমীরের বক্তব্য জানতে চেয়েছেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2013, 06:23 PM

Updated : 23 Aug 2022, 06:38 PM

বুধবার দুপুরে শেরপুরের দুঃস্থদের মাঝে বিশেষ ভিজিএফ ও ত্রাণ সামগ্রী বিতরণকালে এক সমাবেশে মন্ত্রী বলেন, লু’ত নবীর উম্মতকে সমকামিতার জন্য ধ্বংস করা হয়েছে। সমকামিতা হারাম।

“সে জায়গায় ইউনূস আন্তর্জাতিকভাবে সমকামিতাকে সমর্থন দিয়েছেন। আর খালেদা জিয়া ক্ষমতায় গেলে নাকি ড. ইউনূসকে খুব সম্মান জানাবেন।”

তিনি প্রশ্ন করেন, “এই যে খালেদা জিয়া ড. ইউনূসের পক্ষে গেল বা ইউনূসই খালেদা জিয়ার পক্ষে গেল- হেফাজতের আমীর আল্লামা শফী এ সম্পর্কে আপনার বক্তব্য কী?”    

কৃষি মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় না এলে যুদ্ধাপরাধীদের বিচার হবে না। কৃষির উন্নয়ন হবে না, শিক্ষা ধ্বংস হয়ে যাবে। দেশ পিছিয়ে পড়বে।

নারীদের নিয়ে আল্লামা শফীর সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করেন মতিয়া চৌধুরী।

নিজ নির্বাচনী এলাকায় সপ্তাহব্যাপী ভিজিএফ বিতরণ কর্মসূচির প্রথম দিনে নালিতাবাড়ী উপজেলার তিনটি ইউনিয়নে ৬ হাজার ৭৮৯ জনের মধ্যে  ১০ কেজি করে চাল, ১২০ জন মেধাবী শিক্ষার্থীকে থ্রি পিস ও শাড়ী এবং খেঁজুর দেন।

এ সময় কৃষি মন্ত্রীর সঙ্গে জেলা পরিষদের প্রশাসক আব্দুল হালিম, জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম উকিল, সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান লেবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।