ভিকারুননিসা অধ্যক্ষের মেয়াদ বৃদ্ধি নিয়ে রুল
ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জু আরা বেগমের চাকরির মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না- জানতে চেয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ বুধবার এই রুল জারি করে।
চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, ঢাকা বোর্ডের চেয়ারম্যান, বোর্ডের কলেজ পরিদর্শক, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জু আরা বেগম ও পরিচালনা পরিষদের চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঞ্জু আরার বয়স ৬০ পার হওয়ার পর গত বছরের ১০ নভেম্বর তার মেয়াদ আরো এক বছরের জন্য বাড়ানো হয়। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ গত সপ্তাহে এই রিট আবেদন করেন।
আদালতে রিটকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
রিটে বলা হয়, ২০০৬ সালের ১১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে ওই দিনের পর শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানো অবৈধ ঘোষণা করে। পরে এ নিয়ে হাই কোর্টে রিট হলেও ২০১০ সালে দেয়া এক রায়ে প্রজ্ঞাপনটি বহাল থাকে।
“ইতিহাসের সহকারী অধ্যাপক মঞ্জু আরা বেগমের চাকরির মেয়াদ বাড়ানোর কোনো সুযোগ নেই। তার বিষয় ইতিহাসে শিক্ষার্থীর সংখ্যাও খুবই কম। তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে প্রশাসনিক কাজ করছেন। তিনি একাডেমিক কাজে নেই।”
ইউনুস আলী বলেন, প্রশাসনিক কাজের জন্য কোনো শিক্ষকের চাকরির মেয়াদ বাড়ানোর সুযোগ নেই। কেউ অবসরে গেলে পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক অধ্যক্ষ হবেন- এটাই নিয়ম।
