২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ঢাকার কেরানীগঞ্জে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2013, 08:31 AM

Updated : 23 Aug 2022, 11:17 AM

র‌্যাব বলছে, নিহতরা পেশাদার ছিনতাইকারী। তাদের কাছে একটি রিভলবার ও ছিনতাই করে আনা একটি গাড়ি পাওয়া গেছে।

নিহত দুই যুবক হলেন- মো. সাগর (৩৫) ও মো. সবুজ (৩৪)।

সাগরের স্ত্রীর ভাই মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৪ জুলাই থেকে সাগর নিখোঁজ ছিল।

অনেক জায়গায় খোঁজাখুঁজির পর কোথায়ও তাকে না পাওয়া গেলেও থানায় জিডি করেননি বলে তিনি জানান।

তিনি বলেন, মঙ্গলবার ভোরে সাগরের স্ত্রী লিপির কাছে কেরানীগঞ্জ থানা থেকে একটি ফোন আসে। থানায় গিয়ে সাগরের দেখতে পান তিনি।

সাগর চট্টগ্রামের একটি হোটেলে কাজ করলেও নারায়ণগঞ্জের ফতুল্লায় থাকতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে।

সবুজের কোনো স্বজন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে না এলেও তিনি শ্যামপুর ভাঙ্গা প্রেস এলাকায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।

র‌্যাব-১০ এর অপারেশন অফিসার ফজলে রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার ভোরে কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পের কাছে ঢাকা-মাওয়া সড়কে র‌্যাবের টেকপোস্টে একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেয়া হয়। কিন্তু চালক গাড়ি না থামিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করে।

“এ সময় র‌্যাব সদস্যরা প্রাইভেটকারের কাছাকাছি গেলে গাড়ির ভেতর থেকে গুলি ছোড়া হয়। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।”

পরে গাড়ির ভেতর দুজনের লাশ পাওয়া যায়। তাদের কাছে দুটি গুলিসহ একটি রিভলবারও পাওয়া যায় বলে ফজলে রাব্বি জানান।

তিনি বলেন, “নিহতরা পেশাদার ছিনতাইকারী। তাদের সঙ্গে পাওয়া গাড়িটি রাত ৯টার দিকে ছিনতাই হয়। গাড়ির মালিক আমাদের সঙ্গে যোগাযোগ করেছে।”