কোটি টাকার কাঁচামালসহ বিমানকর্মী গ্রেপ্তার
বিমানবন্দর থেকে চুরি যাওয়া কোটি টাকার প্রসাধন সামগ্রীর কাঁচামালসহ বাংলাদেশ বিমানের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. জুনায়েদ হোসেন (৪২) বাংলাদেশ বিমানে জ্বালানি সরবরাহকারী গাড়ির চালক।
সোমবার দুপুর ১টার দিকে শাহজালাল বিমানবন্দরের ১৬ নম্বর বর্ধিত বোডিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, চীন থেকে ‘সোমাটেক ফার্মসিটিউক্যালস লিমিটেডের’ প্রসাধনীর কাঁচামালভর্তি কিছু ড্রাম আসে। তার মধ্যে একটি ড্রাম খোয়া যায়।
আলমগীর হোসেন বলেন, ড্রামে প্রায় ৭০ কেজি কাঁচামাল ছিল, যার বাজার মূল্য এক কোটি টাকার বেশি।
জেট এয়ারওয়েজের অপারেশনস অ্যান্ড সিকিউরিটি অফিসার কমল দীপ সিং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৫ দিন আগে তাদের বিমানের দুটি ড্রাম খোয়া যায়।
এপিবিএন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, ড্রাম উদ্ধারের ঘটনায় সোমাটেক কোম্পানি বিমানবন্দর থানায় একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
