২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিলি উত্তীর্ণদের জন্য নির্দেশনা

৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষায় অংশ নেয়ার জন্য সংশোধিত বিপিএসসি ফর্ম-২ পূরণ করে জমা দিতে বলেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 03:43 PM

Updated : 23 Aug 2022, 11:16 AM

সোমবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জুলাই থেকে লিখিত পরীক্ষার জন্য বিপিএসসি ফর্ম-২ জমা দেয়া শুরু হয়েছে। কেউ কেউ ওয়েবসাইট থেকে ৩৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত বিপিএসসি ফর্ম-২ ডাউনলোড করে তা পূরণ করে ৩৪তম বিসিএসের জন্য জমা দিচ্ছেন।

এ ফর্ম জমা দিলে ওই আবেদনপত্র বাতিল হবে জানিয়ে পিএসসি বলেছে, ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের কমিশনের ওয়েবসাইট থেকে ৩৪তম বিসিএসের জন্য নির্ধারিত ‘৩৪তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র (বিপিএসসি ফর্ম-২)’ শিরোনামে ফর্ম-২ ডাউনলোড করে প্রয়োজনীয় সব কাগজপত্রসহ কমিশনে জমা দিতে হবে।

কেউ ৩৩তম বিসিএসের জন্য রাখা পুরাতন বিপিএসসি ফর্ম-২ জমা দিয়ে থাকলে তাকে নতুন করে ৩৪তম বিসিএসের নির্ধারিত বিপিএসসি ফর্ম-২ পূরণ করে জমা দিতে বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

গত ৮ জুলাই কোটার ভিত্তিতে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়, এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।

এই ফলে ‘মেধাবী’ অনেকেই বাদ পড়েছেন অভিযোগ তুলে চাকরিপ্রার্থীরা আন্দোলন শুরু করেন। তাদের বিক্ষোভ-প্রতিবাদের মুখে ১৪ জুলাই পুনর্মূল্যায়িত ফল প্রকাশ করে পিএসসি। এতে ৪৬ হাজার ২৫০ জন লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন।