২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেয়েও না পাওয়ার হতাশা ভূমি কমকর্তাদের

দীর্ঘ আন্দোলনের পর মাঠ পর্যায়ের ভূমি কর্মকর্তাদের বেতন বৈষম্য দূর করতে নতুন বেতন কাঠামো অনুমোদনের দুই মাসের মাথায় তা স্থগিত করায় গভীর হতাশা তৈরি হয়েছে দেশের প্রায় সাড়ে ১০ হাজার সহকারী ভূমি কর্মকর্তা ও উপসহকারী ভূমি কর্মকর্তার মধ্যে।

নুরুল ইসলাম হাসিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2013, 11:21 AM

Updated : 23 Aug 2022, 11:16 AM

পুরনো কাঠামোতে ১৬ নম্বর গ্রেডে থাকা সহকারী ভূমি কর্মকর্তারা ৪ হাজার ৭০০-৯ হাজার ৭৪৫ টাকা এবং ১৭ নম্বর গ্রেডে উপসহকারী ভূমি কর্মকর্তারা ৪ হাজার ৫০০-৯ হাজার ৪৫ টাকা বেতন স্কেলে চাকরি করতেন। গত ৩০ মে তাদের জন্য যে নতুন কাঠামো অনুমোদন করা হয়, তাতে সহকারী ভূমি কর্মকর্তারা ১১ নম্বর গ্রেডে ৬ হাজার ৪০০-১৪ হাজার ২৫৫টাকা এবং উপসহকারী ভূমি কর্মকর্তারা ১২ নম্বর গ্রেডে ৫ হাজার ৯০০-১৩ হাজার ১২৫ টাকা বেতন পাওয়ার কথা।

গত মাসে অডিটর অ্যান্ড কম্পট্রোলার জেনারেলের কার্যালয় থেকে আদেশ জারি হওয়ার পর মাঠ পর্যায়ের ভূমি কর্মকর্তারা নতুন বেতনে ঈদ উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। অনেকে তাদের এরিয়ারও তুলে ফেলেছেন ইতোমধ্যে। 

এরই মধ্যে বাংলাদেশ কলেক্টরেট সহকারী সমিতির ব্যানারেও বেতন কাঠামো পরিবর্তনের দাবি তুলে বিভিন্ন জেলায় বিক্ষোভ ও কর্মবিরতি শুরু হয়। 

এই পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় এক চিঠিতে নতুন বেতন কাঠামো অনুমোদনের আদেশ ও তা কার্যকরের চিঠির কার্যকরিতা স্থগিত করে।  

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, নতুন বেতন কাঠামো অনুমোদন করায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতিও একই ধরনের দাবিতে আন্দোলন শুরু করেছে। তাদের আন্দোলনে প্রশাসনে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ কারণে পুরো বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।

একটি মন্ত্রিসভা কমিটি বেতন বৃদ্ধির ওই সিদ্ধান্ত অনুমোদন করলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবদুস সোবহান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেটি ছিল একটি ‘অস্বাভাবিক’ সিদ্ধান্ত।

তবে এই ‘অস্বাভাবিক’ সিদ্ধান্ত কীভাবে সরকারের অনুমোদন পেল তা স্পষ্ট করতে পারেননি সচিব। 

“সিদ্ধান্তটি ছিল একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। এর শুরুটা হয়েছিল ২০০২ সালে যখন ভূমি কর্মকর্তাদের পদবি পরিবর্তন করা হয়। এ কারণে যে বৈষম্য তৈরি হয়েছে আমরা তা দূর করার চেষ্টা করছি।”  

তিনি জানান, নতুন সিদ্ধান্তের ফলে ১৬ নম্বর গ্রেডের কর্মকর্তারা এক লাফে ১১ নম্বর গ্রেডে চলে এসেছেন। কিন্তু ১২ ও ১৩ নম্বর গ্রেডের কর্মকর্তাদের অবস্থান আগের মতোই থেকে গেছে।

পুরো বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, ভূমি ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি করা হয়েছে, যাতে আবদুস সোবহান নিজেও সদস্য হিসাবে আছেন।

“আমরা খুব বেশি সময় নেব না। ডিসি অফিসের কর্মচারীদের দাবির বিষয়টি বিবেচনায় নেয়ার জন্যই সাময়িকভাবে নতুন বেতন কাঠামো কার্যকরের বিষয়টি স্থগিত করতে হয়েছে।”

তবে প্রায় সাড়ে ১০ হাজার সহকারী ভূমি কর্মকর্তা ও উপসহকারী ভূমি কর্মকর্তার সংগঠন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি আর অপেক্ষা করতে রাজি নয়।

সংগঠনের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, শিগিগিরই তারাও আন্দোলনে যাবেন।  

“এক যুগ ধরে আমরা আমাদের পদ এবং বেতন স্কেল পরিবর্তনের দাবি জনিয়ে আসছি। শেষ পর্যন্ত আমাদের দাবি মেনে নিয়েও আবার তা স্থগিত করা হলো এমন কিছু কর্মচারীর আন্দোলনের কারণে, যারা আদৌ ভূমি মন্ত্রণালয়ের অধীনস্ত নয়।”

তিনি বলেন, যখন তারা দাবি পূরণ করায় সরকারকে ধন্যবাদ জানানোর প্রস্তুতি নিচ্ছেন তখনই নতুন বেতন স্থগিতের সিদ্ধান্ত এলো। এতে সারা দেশে হাজার হাজার ভূমি কর্মকর্তা ও তাদের পরিবারের মধ্যে চরম হতাশা নেমে এসেছে।

জামাল উদ্দিন অভিযোগ করেন, কালেক্টরেট সহকারী সমিতি তাদের চাকরি বিধি লঙ্ঘন করে আন্দোলন করলেও তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জন প্রশাসন সচিব আবদুস সোবহান সিকদার বলেন, “আমরা তাদের বিষয়টি বুঝিয়ে বলেছি। এটা ঠিক, তারা ওভাবে আন্দোলন করতে পারে না।” 

ভূমি সচিব মো. মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা পর্যায়ের কর্মীদের বৈষম্যের অভিযোগ খতিয়ে দেখতেই নতুন বেতন কাঠামোর বিষয়টি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।  

আর মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলছেন, বেতন কাঠামো স্থগিতের ওই সিদ্ধান্ত এসেছে সরকারের ‘সর্বোচ্চ পর্যায়’ থেকে।

“একটি পক্ষের আন্দোলনের বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী বিষয়টি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন।”  

সচিব বলেন, এখন সবার বিষয়টি খতিয়ে দেখে কাঠামো পর্যালোচনা করা হবে এবং সে অনুযায়ী কমিটি সুপারিশ জানাবে। 

অবশ্য একজন ভূমি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেয়াদের শেষ সময়ে এসে এই সিদ্ধান্তের ফলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।  

“ইউনিয়ন পর্যায়ের প্রত্যেক ভূমি কর্মকর্তা প্রতিদিন না হলেও দশজনের সমস্যা নিয়ে ডিল করে। এ পর্যায়ে আমাদের দশ হাজারেরও বেশি কর্মকর্তা আছেন। অর্থাৎ, আমরা প্রতিদিন অন্তত এক লাখ লোককে সেবা দেই।”  

ভূমি কর্মকর্তারা মাঠ পর্যায়ে জমির খাজনা আদায়, সরকারি সম্পত্তির রক্ষণাবেক্ষণ, ভূমি মালিকানাসংক্রান্ত তদন্ত ও তদন্ত প্রতিবেদন দাখিল, নামজারি, সরকারের পক্ষে আদালতে সাক্ষ্য দেয়াসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

আর কালেক্টরেট সহকারীরা জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করেন।