রাজধানীতে আগ্নেয়াস্ত্রসহ ৬ ‘ছিনতাইকারী’ আটক
রাজধানীর টিকাটুলি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নেয়ার সময় আগ্নেয়াস্ত্রসহ ছয় জনকে আটক করেছে র্যাব।
রোববার বিকালে সোয়া ৩টার দিকে ইত্তেফাক মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, ইসমাইল হোসেন (২৪), সাগর (২৬), সায়মন সোহেল (২৮), লিটন (২৫), রাজু (২৪) ও সুদ্বীপ (২৬)।
র্যাব-৩ এর অপারেশন অফিসার আনিসুর রহমান জানান, ওই সময় ওই ছয় ছিনতাইকারী রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন।
তাদের চলা-ফেরা সন্দেহজনক হওয়ায় র্যাব তাদেরকে আটক করে এবং তাদের কাছে দুই রাউন্ড গুলিসহ একটি রিভলবার, দুটি ককটেল, একটি ছোরা ও একটি চাপাতি পাওয়া যায়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
