২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অপহরণের চারদিন পর শিশু উদ্ধার

সাভার থেকে অপহরণের চারদিন পর বরিশালের গৌরনদী থেকে অপহৃত শিশু তাসলিমা জাহান মীমকে (৬) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক নারীকে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 06:22 PM

Updated : 25 Apr 2022, 07:03 PM

শনিবার গভীর রাতে গৌরনদী থানার সাকুকাঠি গ্রামের দক্ষিণ মোল্লাবাড়ী এলাকার আনিস মোল্লার বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রুবী আক্তার দীপা (২৮) গৌরনদী থানার সাকুকাঠি গ্রামের হায়দার মাস্টারের  মেয়ে। আনিস মোল্লা দীপার মামা।

মীমের বাবা আমিরুল ইসলাম সাভার সদর ইউনিয়নের দেওগাঁ মহল্লার বাসিন্দা। মঙ্গলবার বিকাল থেকেই সে নিখোঁজ ছিল।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতেই শিশুটির মা পোশাকশ্রমিক আসমা বেগম বাদী হয়ে একটি অপহরণ মামলা করেন।

দীপাকে নারী পাচারকারী দলের সদস্য বলে ধারণা করছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শিশুটির মা আসমা বেগম জানান, গত ২১ জুলাই মিরপুরে কারখানা থেকে কাজ শেষে সাভারের বাসায় ফেরার পথে অসহায় ও আশ্রয়হীন দীপা তার কাছে আশ্রয় চায়। পরে তাকে বাসায় নিয়ে আসেন আসমা।

গত মঙ্গলবার দীপা ও মেয়েকে বাসায় রেখে কাজে যান। ফিরে এসে আর তাদের পাননি বলে জানান আসমা।