কীটনাশকে প্রতিবন্ধীর মৃত্যু: বাবা ও সৎ মা কারাগারে
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শারীরিক প্রতিবন্ধী ছেলেকে কীটনাশক খাইয়ে হত্যার ঘটনায় বাবা ও সৎ মাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার উপজেলা সদরের ঝাটিগ্রামে শারীরিক প্রতিবন্ধী ছেলে আজিজুলের মুখে কীটনাশক ঢেলে হত্যার অভিযোগ উঠে হেলাল শেখ ও তার দ্বিতীয় স্ত্রী জেসমিনের বিরুদ্ধে।
রোববার হেলাল ও জেসমিনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার আজিজুলের মা জোছনা বেগম বাদী হয়ে হেলাল ও জেসমিনের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ফরিদপুরের সহকারি পুলিশ সুপার (হেড কোয়াটার) এ বি এম জাকির হোসেন বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুইজনই হত্যার কথা স্বীকার করেছেন।”
