মায়ের বটির ওপর পড়ে শিশুর মৃত্যু
অসতর্কতাবশত মায়ের বটির ওপর পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
নূসরাত জাহান নামে ছয় বছরের শিশুটিকে রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানান, সে মারা গেছে।
ওই সময় হাসপাতালের বারান্দায় গড়িয়ে গড়িয়ে কাঁদছিলেন শিশুটির মা রেজিয়া বেগম। আর বলছিলেন, “পুলিশ কোথায়? আমাকে গ্রেপ্তার করুক, আমি আমার মেয়েকে খুন করেছি।”
ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তা মোজাম্মেল বলেন, “শিশুটির মা প্রায় পাগল হয়ে গেছে, বারবার মূর্চ্ছা যাচ্ছে।”
রেজিয়ার বাসা পুরান ঢাকার স্বামীবাগে, তিনতলা একটি বাড়ির নিচতলায় স্বামী নূর হোসেন ও দুই সন্তান নিয়ে থাকতেন তিনি।
রেজিয়ার সঙ্গে তার ভাই নেছার আহমেদ শিশু নূসরাতকে হাসপাতালে নিয়ে আসেন।
নেছার সাংবাদিকদের বলেন, “বাসার একটি ঘরে মেঝেতে বসে রেজিয়া তরকারি কাটছিলেন। নূসরাত তখন খাটের ওপর খেলছিল। হঠাৎ সে খাটের ওপর থেকে নিচে বটির ওপর পড়ে।”
বেলা সোয়া ২টার দিকে এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে নূসরাতকে হাসপাতালে আনা হয়, কিন্তু তাকে বাঁচানো যায়নি।
ঢামেক ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বটির ওপরের অংশ নূসরাতের গলায় ঢুকে যায়। শ্বাসনালী কেটে যাওয়ায় তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।”
তিনি বলেন, যেহেতু এটি একটি দুর্ঘটনা তাই ময়না তদন্ত হচ্ছে না।
নূসরাত নারিন্দা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। তার একটি ছোট ভাই রয়েছে। নূসরাতের বাবা নূর হোসেন পেশায় রিকশাচালক।
