টাঙ্গাইলে অপহরণ মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
শিশু অপহরণের দায়ে এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে টাঙ্গাইলের একটি আদালত।
রোববার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. আব্দুল মজিদ এ দণ্ড দেন। সেইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের চকদাকোপ গ্রামের আব্দুল মতিন ও তার স্ত্রী মরিয়ম বেগম।
রাষ্টপক্ষের কৌঁসুলি মো. খোরশেদ আলম জানান, মির্জাপুরের গোড়াই এলাকার আলী আহাম্মদের বাড়ি ভাড়া থাকতেন আব্দুল মতিন ও তার স্ত্রী মরিয়ম বেগম।
২০১১ সালের ৪ জানুয়ারি বাড়ির মালিকের দেড় বছর বয়সী ছেলে নয়নকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে আব্দুল মতিন। প্রথমে ১০ লাখ ও পরে এক লাখ টাকায় রফা হয়। টাকা ফেলে রাখতে বলা হয় মির্জাপুরের রাজাবাড়ি রেললাইন এলাকায়।
ওই এলাকা ওৎ পেতে থাকা পুলিশ টাকাসহ আব্দুল মতিনকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে কালিহাতী উপজেলার মসিন্দা গ্রামের একটি বাড়ি থেকে নয়নকে উদ্ধার ও মরিয়মকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে মির্জাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনে মামলা করা হয়।
