২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সহায়তা চাইলেন পারভেজের স্ত্রী

নারায়ণগঞ্জের নিখোঁজ বহিষ্কৃত যুবলীগ নেতা জহিরুল ইসলাম ভূঁইয়া পারভেজকে খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তার স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 03:20 PM

Updated : 26 Jul 2022, 03:03 PM

রোববার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়া রাইফেল ক্লাবে এক সংবাদ সম্মেলনে পারভেজের স্ত্রী খুরশীদ জাহান সোহানা এ আবেদন জানান।

সংবাদ সম্মেলনে সোহানা বলেন, গত ৬ জুলাই ঢাকার গুলশান-২ এলাকায় চিকিৎসা শেষে ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে ১০/১২ জন অস্ত্রধারী জোর করে পারভেজকে তুলে নিয়ে যায়।

তুলে নেয়ার ঘটনা সেখানে দায়িত্বরত সার্জেন্ট ফিরোজ প্রত্যক্ষ করেছেন বলে সোহানা দাবি করেন।

তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভী ও রফিউর রাব্বি প্রকাশ্য জনসভায় পারভেজের লাশ পাওয়া যাবে বলেছিলেন।

তারা পারভেজকে হত্যার উদ্দেশ্যে শহীদ মিনারে হামলা চালিয়েছিলেন বলেও সোহানা াভিযৈাগ করেন।

তিনি বলেন, “গুলশান থানায় মামলাও নেয়া হচ্ছে না। এই বিষয়ে বাড়াবাড়ি না করতে আমাদের হুমকি দেয়া হচ্ছে।”

তারা বলে বেড়াচ্ছে, এই স্বরাষ্ট্র মন্ত্রী যতদিন আছেন ততদিন পারভেজের খোঁজ মিলবে না, মামলাও করতে পারবে না, বলেন সোহানা।

“মাননীয় প্রধানমন্ত্রী, আপনি স্বজন হারানোর ব্যথা বোঝেন। আপনি আমার সন্তানকে এতিম হওয়া থেকে রক্ষা করুন। আমার সন্তানের বাবাকে ফেরত দিন এবং আমাকে আমার স্বামীকে ফেরত দিন।

সোহানা এবং তার সন্তান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছাও প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে পারভেজের ৬ বছরের ছেলে জাওয়াত ইসলাম গল্প বলে, “মাননীয় প্রধানমন্ত্রী আমার বাবাকে ফেরত দেও। আমার বাবা আমাকে অনেক আদর করত। ওদেরকে বলো আমার বাবাকে ফেরত দিতে।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পারভেজের বোন মাহমুদা পারভীন, কাউন্সিলর ইসরাত জাহান স্মৃতি, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল, শহর আওয়ামী লীগ সভাপতি খোকন সাহা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর হোসেন মীরু প্রমুখ।

এই ব্যাপারে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি বলেন, শামীম ওসমানের শেখানো বুলি সাধারণ মানুষ কেন-তার নিজের লোকেরাও বিশ্বাস করবে না।

“স্বরাষ্ট্রমন্ত্রী যদি আমাদের কথামতো চলতেন তাহলে তো ত্বকী হত্যার জন্য শামীম ওসমানকে আগে গ্রেপ্তার করা হতো। গুম নাটকের সন্ত্রাসী ক্যাঙ্গারু পারভেজ তো পরের কথা।”

আসলে শামীম ওসমান নিজের পরিণতি আঁচ করতে পেরে দিশেহারা হয়ে পড়েছেন বলে মন্তব্য করে রাব্বি।

জহিরুল ইসলাম ভূঁইয়া পারভেজ নগরীর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় জেলা পুলিশকে ত্বকীর বাবা রফিউর রাব্বীর দেয়া তালিকার তিন নম্বর ব্যক্তি।

গত ২৮ এপ্রিল চাষাঢ়া শহীদ মিনারে ত্বকী মঞ্চের একটি অনুষ্ঠানে হামলার ঘটনায় জনতা তাকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করে।

এরপর পারভেজকে জেলা যুবলীগের কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি।