২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে জলাবদ্ধতা, যানজটে ভোগান্তি

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে সপ্তাহের প্রথম দিন সকালে যানজটে ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসমুখী যাত্রীদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2013, 11:41 AM

Updated : 25 Apr 2022, 07:03 PM

শনিবার সারাদিন থেমে থেম বৃষ্টির পর সারারাতের বর্ষণে রাজধানীর গুলশান, কারওয়ানবাজার, ধানমন্ডি, কাকরাইল, পল্টন, মৌচাক, মগবাজার, মিরপুর ও শেওড়াপাড়াসহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যায়।

ইঞ্জিনে পানি ঢুকে বিভিন্ন সড়কে বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায় বেশ কিছু সিএনজিচালিত গাড়ি ও অটোরিকশাকে।

আর বিভিন্ন এলাকায় ভাঙা রাস্তার গর্তে পড়ে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে গাড়ি চালকদের।

মিরপুরের বাসিন্দা মঈনুল হক বিডনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার এলাকার রাস্তাঘাট অল্প বৃষ্টিতেই তলিয়ে যায়। ফলে দেখা দেয় যানজট। 

সকাল ৯টায় রওনা হয়ে বাসে কারওয়ানবাজার পৌঁছাতে দুই ঘণ্টা লেগে গেছে বলে জানান তিনি। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি আরো একদিন থাকতে পারে।

রোববার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।