২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ

মালিকদের ধর্মঘটে দেশের গুরুত্বপূর্ণ নৌপথ মাওয়া-কাওড়াকান্দি পথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাদারীপুর ও মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 02:58 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

শনিবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা।

বাংলাদেশ লঞ্চ-মালিক সমিতির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ সাংবাদিকদের বলেন, শিবচরের কাওড়াকান্দি ঘাট থেকে ইয়াকুব বেপারীর শাহ পরাণ লঞ্চটি রুট পারমিট না নিয়ে এবং অন্য মালিকদের লঞ্চের সিরিয়াল ভেঙে যাত্রী উঠায়, যা নিয়ম বর্হিভূত।

এর প্রতিবাদে কাওড়াকান্দি ও মাওয়া উভয় ঘাটের লঞ্চ মালিকরা সকাল থেকে তাদের লঞ্চ চলাচল বন্ধ রেখেছে।

সিরিয়াল অমান্য করে লঞ্চ চালানোর শাস্তি না হওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে, বলেন রউফ।

বিআইডব্লিউটিসি মাওয়ার ব্যবস্থাপক সিরাজুল হক জানান, সকাল থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে কী কারণে বন্ধ রয়েছে তা জানতে পারেননি তিনি।

এ বিষয়ে ইয়াকুব বেপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

মাওয়া-কাওড়াকান্দি পথে ফেরির পাশাপাশি লঞ্চও চলাচল করে। অনেক কোম্পানির বাসেই লঞ্চের মাধ্যমে যাত্রীদের পারাপার করানো হয়।