২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় আটক ৯ বাংলাদেশির সঙ্গে দেখা করবে দূতাবাস

মেক্সিকোতে ১৫ দিনের কারাদণ্ডপ্রাপ্ত নয়জনের সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2013, 01:14 PM

Updated : 23 Aug 2022, 11:15 AM

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই নয় জনের নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হতে বাংলাদেশ দূতাবাসকে ‘কনস্যুলার একসেস’ দেবে মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষ।

মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশের সময় বিভিন্ন দেশের ৯৪ জনকে আটক করে মেক্সিকো পুলিশ, যাদের মধ্যে ওই নয় বাংলাদেশিও ছিল।

নাগরিকত্ব নিশ্চিত হলে তাদের বাংলাদেশে নিরাপদে ফেরত পাঠাতে মেক্সিকোয় বাংলাদেশ মিশন প্রয়োজনীয় কাগজপত্র ইস্যু করবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

“তাদের সঙ্গে ভাল আচরণের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দিয়েছে মেক্সিকোর অভিবাসন কর্তৃপক্ষ।”

বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগের দিন ভোর রাতে মেক্সিকোর চিয়াপাস স্টেটের রাজধানী তুসলা গুটিরেজের নিকটবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে বাংলাদেশিরা ছাড়া নেপালের ১০ জন নাগরিক রয়েছেন। বাকিরা গুয়েতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের নাগরিক।

মেক্সিকোর কর্মকর্তারা জানান, ওই ৯৪ জন একটি ট্রাকে গাদাগাদি করে গুয়েতেমালার হুয়েহুটেনানগো থেকে যুক্তরাষ্ট্র সীমান্তের দিকে যাওয়ার পথে তুসলা গুইটিরেজের কাছাকাছি একটি তল্লাসি চৌকিতে আটক হন।

স্থানীয় প্রসিকিউটরের দপ্তরের মুখপাত্র হেক্টর ফ্লোরেস বলেন, “তারা অনেক পথ পাড়ি দিয়ে চুরি করে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছিলেন।”